সেরা অভিজ্ঞতায় নোরা

সেরা অভিজ্ঞতায় নোরা

ফন্ট সাইজ:

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বলিউড তারকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসরের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করাকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছেন, বিশ্বকাপের জন্য গাওয়া তার ‘সির সির’ গানটির পেছনের অনুপ্রেরণার গল্প। নোরার ভাষ্য, মরক্কোয় ফুটবল খেলা দেখতে গিয়ে তিনি প্রথম ‘সির সির’ স্লোগানের সঙ্গে পরিচিত হন। স্টেডিয়ামে হাজার হাজার দর্শককে একসঙ্গে এই স্লোগান দিতে দেখে তিনি মুগ্ধ হয়ে যান।

তার মতে, স্লোগানটির মধ্যে ছিল এগিয়ে যাওয়ার শক্তি ও ঐক্যের বার্তা। সেই অভিজ্ঞতাই তাকে গানটি তৈরির ভাবনা দেয়। পরে তিনি তার প্রযোজক সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করে এই স্লোগানকে কেন্দ্র করে একটি বিশ্বকাপ সংগীত তৈরির অনুরোধ জানান। নোরা বলেন, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আয়োজনের অংশ হওয়া তার শিল্পী সত্তাকে নতুনভাবে সমৃদ্ধ করেছে। একই মঞ্চে শাকিরা, বার্না বয় ও কেটি পেরির মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে নাম উচ্চারিত হওয়াকে তিনি গর্বের বিষয় বলে মনে করেন।

তার মতে, এ জায়গায় পৌঁছানোর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম এবং নিজের প্রতি আস্থা। নোরা আরও বলেন, সংগীতের সবচেয়ে বড় শক্তি হলো এটি মানুষকে একত্রিত করতে পারে। ভিন্ন সংস্কৃতি, ভাষা ও সুর যখন এক জায়গায় মিলিত হয়, তখন সৃষ্টি হয় নতুন এক অভিজ্ঞতা। বিভিন্ন দেশের শিল্পীরা একসঙ্গে কাজ করলে সেখান থেকেই জন্ম নেয় সবচেয়ে স্মরণীয় ও ব্যতিক্রমধর্মী সৃষ্টিগুলো। আর সে কারণেই বিশ্বকাপের মঞ্চের সেরা অভিজ্ঞতা অর্জন আজীবন স্মরণীয় হয়ে থাকবে তার।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন