একটা সময় শাকিব খান ও দিলারা হানিফ পূর্ণিমা সফল জুটি ছিল। বেশ কিছু সিনেমা একসঙ্গে উপহার দিয়েছেন তারা। জুটির পাশাপাশি তারা ভালো বন্ধুও। কিন্তু সময়ের পরিবর্তনে শাকিব খান এখনো সিনেমায় নিয়মিত অভিনয় করলেও পূর্ণিমা অনেকটাই দূরে আছেন বড় পর্দা থেকে। তবে এবার অনেক বছর পর একসঙ্গে দেখা গেল এ দুই তারকাকে। শনিবার শাকিব খান চ্যানেল আইয়ে আসেন।
সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনার মধ্যদিয়ে বরণ করে নেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চ্যানেলের পক্ষ থেকে শাকিবকে উপহার হিসেবে দেয়া হয় রোলেক্স ঘড়ি। তবে এরমধ্যেই ঘটে যায় একটি বিশেষ মুহূর্ত। দীর্ঘদিন পর মুখোমুখি হন পূর্ণিমা ও শাকিব খান। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি একসঙ্গে প্রায় দেড় ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন। পর্দার সেই সফল জুটির বাস্তবের এই পুনর্মিলন স্বাভাবিকভাবেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
আড্ডার একপর্যায়ে পূর্ণিমাকে প্রশ্ন করা হয়, কতোদিন পর তাদের দেখা হলো। জবাবে তিনি মুচকি হেসে শাকিব খানের দিকেই প্রশ্ন ছুড়ে দেন। তখন শাকিব খান বলেন, কতোদিন নয়, বলো কতো বছর পর! পূর্ণিমাও একমত হয়ে বলেন, আসলে অনেক বছর পর আমাদের দেখা হলো। এরপর শাকিব খানকে দেখে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে প্রশংসায় ভাসান পূর্ণিমা। তিনি বলেন, তাকে আমি যা দেখেছি, তার থেকে তো আরও বয়স কমেছে। আমি কিন্তু তার যত ছবি আসছে, সব দেখেছি।
‘তুফান’ দেখেছি, তার বাকি ছবিগুলোও দেখেছি। সবশেষে মজার ছলেই আফসোসের সুরে পূর্ণিমা বলেন, আমার সঙ্গে কাজের সময় যদি এই শাকিবকে পেতাম! ওই শাকিব আর এই শাকিব আকাশ-পাতাল পার্থক্য। পূর্ণিমার এই মন্তব্যে শাকিবসহ উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন।
