কলকাতায় তোপের মুখে পড়ার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

কলকাতায় তোপের মুখে পড়ার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

ফন্ট সাইজ:

দেশের গুণী অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও রয়েছে তুমুল। অথচ সেখানেই নাকি 'অপ্রীতিকর' পরিস্থিতির মুখে পড়েছেন তিনি! মঙ্গলবার সকালে খবরটি চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তা সংবাদ মাধ্যমেও উঠে আসে। খবরে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে কলকাতায় গেছেন অভিনেতা। সেখানেই নাকি মোশাররফের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক। এক সংবাদকর্মীর ফেসবুক পোস্ট থেকে বিষয়টি ছড়ায়। এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম চর্চা হচ্ছে।

এ বিষয়ে জানতে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুকে ফোন করা হলে তিনি কোনো তথ্য দিতে পারলেন না। পরে মোশাররফ করিম জানালেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা ছড়িয়েছে, তেমন কিছু ঘটেনি।

গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা আরও বলেন, ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি। জানা গেছে, কোনো পেশাগত ব্যস্ততা বা শুটিংয়ের জন্য নয়, শুধু ব্যক্তিগত অবকাশ যাপনে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন তারকা দম্পতি মোশাররফ করিম ও জুঁই। আগামী তিন-চারদিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন