যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারক চুক্তি হলেও এর বিস্তারিত নিয়ে কোন পক্ষই এখনো মুখ খোলেনি। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ চুক্তির ৯ টি দফা প্রকাশ করেছিলো। কিন্তু সেগুলোর বেশ কিছু অস্বীকার করে হোয়াইট হাউজ। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চুক্তির মার্কিন স্বার্থ নিয়ে কথা বলেছেন।
সাংবদিকদের প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, চুক্তির ফলে আন্তর্জাতিক পরিদর্শক দল ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনের সুযোগ পাবেন। তিনি একে চুক্তির প্রধান দিক বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ও যুক্তরাষ্ট্র মিলে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে সাহায্য করবে। সমঝোতা চুক্তিতে এটি জোরালোভাবে বলা হয়েছে বলে জানান ভ্যান্স।
তিনি আরো জানান, পরিদর্শনের সময়সূচি শুক্রবার জানানো হবে। তার মতে, যেহেতু এই নির্দিষ্ট ইস্যুতে খুব একটা দ্বিমত নেই তাই এটি খুব দ্রুতই হওয়া উচিত। তবে ইরানি কর্মকর্তারা এর আগে বলেন যে, পারমাণবিক বিষয়ে আলোচনা প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পরেই কেবল হবে। সোমবার সমঝোতা স্মারকের ঘোষণা দেয়ার সময় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও জানায়, চূড়ান্ত চুক্তির আলোচনা ততক্ষণ পর্যন্ত স্থগিত থাকবে, যতক্ষণ না অপর পক্ষ প্রাথমিক চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতাগুলো পুরোপুরি পূরণ করছে।
