আসামের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এতে পাঁচজন বিমানসেনা নিহত হয়েছেন। অনলাইন এনডিটিভি এ খবর দিয়ে বলছে, ভারতীয় বিমান বাহিনী দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম। আইএএফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় বলেছে, শনিবার আসামের জোরহাটে স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা এবং প্রাথমিক তদন্ত চলছে। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভারতীয় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, অবতরণের সময় বিমানটি জোরহাট বিমান বাহিনী স্টেশনের ভেতরেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য জরুরি রেসপন্স দলগুলোকে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়। দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। এএন-৩২ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ভারতীয় বিমান বাহিনী তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। আমরা আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছি।
কী ধরনের বিমান এএন-৩২?
অ্যান্টোনভ এএন-৩২ একটি শক্তিশালী, দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। ভারতীয় বিমান বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য পরিবহন বিমান হিসেবে এটিকে বাহিনীর ‘ওয়ার্কহর্স’ বা কর্মঠ বাহন বলা হয়। ভারতের প্রয়োজন বিবেচনায় সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রথম এই বিমান তৈরি করা হয়েছিল। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে। চরম প্রতিকূল পরিবেশে কাজ করার উপযোগী করে এএন-৩২ তৈরি করা হয়েছে। উচ্চ পার্বত্য অঞ্চলের বিমানঘাঁটি কিংবা উষ্ণমণ্ডলীয় আবহাওয়াতেও এটি কার্যকরভাবে পরিচালিত হতে পারে। এই বিমান একবারে প্রায় ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে সক্ষম। দুর্গম অঞ্চলে রসদ সরবরাহের কাজেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
কয়েক মাস আগেও আসামে বিমান দুর্ঘটনা
এই দুর্ঘটনার কয়েক মাস আগেই আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই পাইলট নিহত হন। গত ৫ মার্চ জোরহাট বিমান বাহিনী স্টেশন থেকে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের জন্য যাত্রা শুরু করেছিল দ্বি-আসনের ওই যুদ্ধবিমানটি। সন্ধ্যা প্রায় ৭টা ৪২ মিনিটে স্থল নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটির অবস্থান আর শনাক্ত করা সম্ভব হয়নি। পরে কর্মকর্তারা জানান, জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

Khokon
২ ঘন্টা আগেIndian defense system is the oldest one in comparison to other countries. We have seen it recent past war with Pakistan