ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে এবার গ্রেপ্তার করা হয়েছে সাবেক কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে। তার বিরুদ্ধে অভিযোগ ত্রাণসামগ্রী চুরির। মঙ্গলবার রাতে তাকে নদীয়া জেলার কৃষ্ণনগরের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় বেশ কিছু মানুষ তার বাড়িতে হামলা চালায় এবং তার ওপর ডিম ছোড়ে।

অভিযোগ, বিধায়ক কোটায় প্রচুর পরিমাণে ত্রিপল, ধূতি, শাড়ি, জামাকাপড়সহ ও বিভিন্ন ত্রাণসামগ্রী পেয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস। সেইসব ত্রাণসামগ্রী তিনি বিলি না করে নিজের বাড়ির গুদামে রেখেছিলেন। এই অভিযোগে মঙ্গলবার রাতে তার বাড়িতে চড়াও হয় এলাকার বিক্ষুব্ধ কিছু মানুষ। তারা সাবেক মন্ত্রীর বাড়তে হামলা চালায় বলে অভিযোগ।
স্থানীয় মানুষের অভিযোগ , মঙ্গলবার ওইসব ত্রাণসামগ্রী সরানোর সময় টের পান তারা। তারপর তারা বাড়ি ঘেরাও করেন।

তবে উজ্জ্বল বিশ্বাসের ভাগ্নে ডা. সৌম্য নারায়ণ খাটুয়া দাবি করেন, তার মামা উজ্জ্বল বিশ্বাস কোনো ত্রাণসামগ্রী আত্মসাৎ করেননি। গুদামে থাকা ওইসব ত্রাণসামগ্রী ফেরত দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় একদল বিজেপি কর্মী হামলা চালায়। পুলিশ এরপরে তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

এরআগে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসুকে পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে ইডি গ্রেপ্তার করেছে।
২০১১ সালে প্রথম পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর দক্ষিণ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হন উজ্জ্বল বিশ্বাস। তিনি শুধু কারামন্ত্রীর দায়িত্ব পালন করেননি; সর্বশেষ তিনি পালন করেছেন এই রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে এবারের বিধানসভা নির্বাচনে তিনি লড়লেও হেরে যান বিজেপি প্রার্থীর কাছে।

Kazi

১ ঘন্টা আগে

যখন ক্ষমতায় ছিলেন তখন ত্রাণ সামগ্রী তার এলাকার গরীব মানুষের মাঝে বণ্টন করার জন্য সরকার তার কাছে দিয়েছিল। গুদামে রেখে সরকার পরিবর্তনের পর ফেরত দেওয়ার জন্য সরকার দেয় নি।
তাই ভাগ্নের বক্তব্য যুক্তিহীন । জনগণ সঠিক কাজ করেছে, এবং বর্তমান সরকারের পদক্ষেপ সঠিক।

মন্তব্য করুন