সংসদ হোক রাজনীতির মূল কেন্দ্র

ফন্ট সাইজ:

ফের নির্বাচিত সরকার ব্যবস্থার যুগে প্রবেশ করলো বাংলাদেশ। প্রায় দেড় বছরের অর্ন্তবতীকালীন সরকারের ইতি টেনে জাতীয় সংসদের ট্রেজারি বেঞ্চে বসতে যাচ্ছে বিএনপি। একই সঙ্গে প্রথমবারের মত প্রধান বিরোধী দলের আসনে বসবে জামায়াতে ইসলামী। ফাগুনের পড়ন্ত বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খোলা মঞ্চে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সেদিন সকালে সংসদ ভবনের ভেতরে রচিত হয় আরেক দৃশ্যপট। নতুন সরকারের যাত্রার প্রথমদিনই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে বিরোধে জড়ায় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তাদের নেতৃত্বাধীন বিরোধী জোট। বিএনপির সদস্যরা পৃষ্ঠা ১১ কলাম ৬
কেবলমাত্র সংসদ সদস্য হিসেবেই শপথ নেন। দলটি বলছে, সংবিধানে এখনও পরিষদের বিধান না থাকায় তারা শপথ নেননি। অন্যদিকে বিরোধী জোট এই অবস্থানকে গণভোট ও জুলাই সনদের প্রতি অবজ্ঞা বলে আখ্যা দিয়েছে। তারা বলছে, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠন বাধ্যতামূলক। বিএনপি’র ওপর জুলাই সনদ বরখেলাপের অভিযোগ এনে বিরোধীদলীয় জোট রাজপথে নামার ঘোষণা দিয়েছে। সংসদ অধিবেশনেও তারা এনিয়ে কথা বলবেন। সংসদ সচিবালয় জানিয়েছে, চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে- এমনটা ধরে নিয়েই তারা যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা সংসদের প্রথম অধিবেশনে উত্তাপ ছড়াবে। তবে তারা এ-ও বলছেন, যা হোক তা সংসদের ভেতরেই হোক। সংসদই হোক আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু। রাস্তা অবরোধ করে সভা-সমাবেশ আর মিছিলের ফলে গত দেড় বছর নগরবাসীকে যে যন্ত্রণা পোহাতে হয়েছে, অন্তত এবার তার অবসান হোক। ইতোমধ্যে নতুন সংসদ সদস্যদের শপথের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন আলোচনার কেন্দ্রে প্রেসিডেন্ট পদে কোনো পরিবর্তন আসবে কি না, এলে কবে এবং কীভাবে। আর কেই বা হবেন নতুন প্রেসিডেন্ট। একই সঙ্গে নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। কারা বসবেন এই দুই পদে, এ নিয়েও আগ্রহের শেষ নেই। ৩০০ জন নির্বাচিত এবং ৫০ জন সংরক্ষিত নারী সদস্যের সমন্বয়ে গঠিত হয় সংসদ। নারী আসনে কারা আসছেন, এ নিয়েও চলছে আলোচনা। সংসদের প্রথম অধিবেশনেই এসব প্রশ্নের উত্তর মিলবে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সাধারণ মেয়াদ পাঁচ বছর। রাষ্ট্রের এই সর্বোচ্চ আইনসভার প্রধানত তিনটি মৌলিক দায়িত্ব। যুগোপযোগী আইন প্রণয়ন, জাতীয় বাজেট অনুমোদন এবং শাসন বিভাগের তথা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। সাধারণত বছরে তিনটি প্রধান অধিবেশনের দেখা মেলে। যদিও সংবিধানে বছরে ঠিক কতটি অধিবেশন বসবে তার কোনো ধরাবাঁধা নিয়মের কথা উল্লেখ নেই। তবে বছরের শুরুতে ‘শীতকালীন অধিবেশন’, জুন মাসে জাতীয় বাজেটকে কেন্দ্র করে ‘বর্ষাকালীন অধিবেশন’ এবং বছরের শেষভাগে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ‘শরৎকালীন অধিবেশন’ বসে। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী একটি এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে বিরতি কোনোভাবেই ৬০ দিনের বেশি হতে পারবে না। এই সময়সীমার বাধ্যবাধকতামূলত সংসদকে সারা বছর কার্যকর ও প্রাণবন্ত রাখতে সহায়তা করে। শুধু তাই নয়, এই রীতির হাত ধরেই কার্যকর এবং প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার রক্তপাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্রের যে নতুন অধ্যায় সূচিত হয়েছে, সেখানে জাতীয় সংসদই হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। তিনি আশা প্রকাশ করেন, এই সংসদ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্ব দেবে। দীর্ঘ সময় পর গণতন্ত্রে প্রত্যাবর্তনের প্রক্রিয়াকে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, দেশে আর মব কালচার বরদাশত করা হবে না। দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। তিনি আরও বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে। মিছিল-সমাবেশ করা যাবে, মত প্রকাশের অধিকার থাকবে। তবে মব সৃষ্টি করে জনভোগান্তি তৈরি বা জননিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। শপথ ও বিরোধীদলীয় নেতৃত্ব নির্বাচন শেষ হতেই জাতীয় সংসদে সক্রিয় ভূমিকার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সংসদ সদস্যদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে দুই দিনের কর্মশালার আয়োজন করে দলটি। জামায়াত এই কর্মশালার নাম দিয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব ও বিরোধী দলের কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হয় এই কর্মশালায়। বিশ্লেষকরা বলছেন, এর আগের অন্তত দু’টি সংসদ ছিল একতরফা। সেখানে বিরোধীদল ছিল নামে। এবার সেই চেহারা নেই। তাই সংসদ পুরোটা সময় জুড়ে কার্যকর থাকবে। আর সংসদ কার্যকর হলে রাজপথের লড়াই অনেকটাই কমে আসবে।
২৬শে ফেব্রুয়ারি বসছে প্রথম অধিবেশন: চলতি সপ্তাহেই বসছে সংসদ অধিবেশন। জানা গেছে, ২৬শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংসদ অধিবেশনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যেই ঢাকার বাইরে অবস্থানরত মন্ত্রী ও এমপিদের জরুরি তলব করা হয়েছে।