২০২৬ বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে স্বস্তি ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন দলটির অধিনায়ক ও মহাতারকা লিওনেল মেসি। বিশ্বমঞ্চের মূল লড়াইয়ে নামার আগে আলবিসেলেস্তেদের দুটি প্রস্তুতি ম্যাচের অন্তত একটিতে তিনি মাঠে নামবেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ভোরে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর আগামী বুধবার আলাবামায় তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আইসল্যান্ড। এই ম্যাচ দুটিকে সামনে রেখে গণমাধ্যমের মুখোমুখি হন স্কালোনি।
মেসির চোটের সর্বশেষ আপডেট জানিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিও এখন বেশ ভালো আছে। ও দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে অংশ নিয়েছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও এখন স্কোয়াড থেকে আলাদা নয়, দারুণভাবে সেরে উঠছে। এই দুটি প্রীতি ম্যাচের কিছু সময়ের জন্য হলেও ও মাঠে নামবে। আমরা দেখছি ওকে রোববারের ম্যাচে নামানো যায় নাকি পরের ম্যাচে। তবে ও এখন আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে, যা পুরো দলকে স্বস্তি দিচ্ছে।’ এর আগে গত ২৪শে মে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এলএমটেন। চলতি মৌসুমে মায়ামির হয়ে ১৪ ম্যাচে ১২ গোল ও ৮টি অ্যাসিস্ট করা মেসি এমএলএস অল-স্টার স্কোয়াডে ডাক পেয়েছেন।
এবারের বিশ্বকাপে মাঠে নামলেই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ড গড়বেন মেসি। দেশের হয়ে এখন পর্যন্ত ১৯৮ ম্যাচে ১১৬টি গোল করেছেন তিনি। আগামী ১১ই জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা আগামী ১৭ই জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বখেতাব ধরে রাখার মিশন শুরু করবে। গ্রুপ পর্বে আলবিসেলেস্তেদের বাকি দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া ও জর্ডান।
