নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি ফল উৎসবের অনুষ্ঠান শুরুর আগেই হামলা ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির নেতাকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়। দলটির অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগে ছাত্রদলের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে বিকেল তিনটার দিকে মোটরসাইকেল বহরে করে একদল ব্যক্তি অনুষ্ঠানস্থলে এসে হামলা চালায়। এ সময় তারা মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে। বাধা দিতে গেলে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।
হামলায় উপজেলা এনসিপির সংগঠক আল ফারাবী, জাতীয় যুবশক্তির জেলা যুগ্ম সদস্যসচিব ইমন এবং এনসিপির জেলা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তারেকসহ ১০ জন আহত হন। গুরুতর আহত ফারাবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে মিজানুর রহমান মুন্সী সাংবাদিকদের জানান, এনসিপির পূর্বনির্ধারিত অনুষ্ঠানের নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল। তবে অনুষ্ঠান শুরুর আগে দুই-তিনজন দুর্বৃত্ত মঞ্চের বাঁশ ভাঙচুর করে। পরে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে উপস্থিত হয়ে কর্মসূচি সম্পন্ন করেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
