দৌলতদিয়া টু পাটুরিয়া নৌরুটের ফেরিঘাটে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। ঝরছে তাজা প্রাণ। স্বজন হারিয়ে নিঃস্ব হচ্ছে একাধিক পরিবার। গতকাল সকালে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে কুষ্টিয়া টু ঢাকাগামী এসডি পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়। এই ঘটনায় গুরুতর আহত হয় বাসের চালক, হেলপার ও সুপারভাইজার। অল্পের জন্য রক্ষা পায় ৪০ জন যাত্রী। ভেঙে দুমড়ে-মুচড়ে যায় বাস। ক্ষতিগ্রস্ত হয় বাসের মালিক ও যাত্রীরা। এ বিষয়টা মাথায় রেখেই গোয়ালন্দবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, আশা-প্রত্যাশা দৌলতদিয়া টু পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু তৈরি জোরদাবি জানিয়েছেন গোয়ালন্দের পৌর মেয়রপ্রার্থী জাহাঙ্গীর খান।
তিনি বলেন, এসডি সুপার ডিলাক্স নামের একটি বাস ফেরিতে ওঠার চেষ্টা করার সময় ফেরির কপাট বা ডালা ভেঙ্গে পদ্মা নদীতে পড়ে যায়। এরআগে, গত মার্চে আরেকটি বাস দুর্ঘটনায় প্রায় ২৬ জন মারা গিয়েছিলো। এই ঘটনার আর যেন পুরাবৃত্তি না ঘটে সেজন্য আমাদের দীর্ঘদিনের দাবি আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ চাই।
তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের কাছে জোর দাবি জানাই, এই সমস্যার সমাধান নিশ্চিত করতে দৌলতদিয়া টু পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হোক। এটা আমাদের চাহিদা, আমাদের নিরাপত্তা, আমাদের ভবিষ্যতের ভিত্তি হবে। স্বপ্ন নয় বাস্তবে রূপ নিক আমাদের দ্বিতীয় পদ্মা সেতু।
