শিরোপা থেকে দুই ম্যাচ দূরে মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লীগ

শিরোপা থেকে দুই ম্যাচ দূরে মোহামেডান

ফন্ট সাইজ:

লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদাপ্রাপ্তির পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) শিরোপা জিততে পারেনি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার সেই আক্ষেপ ঘুচানোর কাছাকছি চলে এসেছে দলটি। ডিপিএলের এবারের আসরে ৯ রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। শেষ দুই রাউন্ড জিতলে শিরোপা উৎসবে মাতবে তাওহীদ হৃদয়ের দল। ১৪ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে টিকে রয়েছে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও।

শেষ দুই রাউন্ডে এ দুই দলের কেবল জয় পেলেই হবে না, মোহামেডানের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
লড়াই করে হারলো গাজী গ্রুপ ক্রিকেটার্স
অধিনায়ক তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহীমের দুই সেঞ্চুরিতে ভর করে ৩৩৩ রান তোলে মোহামেডান। পরে বৃষ্টি আইনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ৩৩৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে গত শুক্রবার ৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান তোলে তারা। গতকাল রিজার্ভ ডে’তে ম্যাচের বাকি অংশ মাঠে গড়ায়। এদিন একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক সাব্বির হোসেন। ৯৫ বলে ১০৪ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। তাকে সঙ্গ দেয়া মাহফুজুল ইসলাম করেন ৩০ রান। পরে রুবেল ১৭ ও আরিদুল ইসলাম আকাশ অপরাজিত ২১ রান করলেও ম্যাচ জেতাতে পারেননি। নির্ধারিত ৪২ ওভারে ৮ উইকেটে ২৮৭ রান করে গাজী গ্রুপ। ৪৭ রানে জেতে মোহামেডান। দলটির হয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৯ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেন। মোহাম্মদ সাইফউদ্দিন ২ এবং তাসকিন আহমেদ ১ উইকেট শিকার করেন।

লিজেন্ডস অব রূপগঞ্জকে হারালো আবাহনী
বিবেএসপি’র ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৩ উইকেটে হারায় আবাহনী লিমিটেড। ২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৭৫ রানে অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের হয়ে সেঞ্চুরি করেন ইরফান শুক্কুর। ৯৯ বলে ১১৯ রানের ইনিংসে তিনি রূপগঞ্জকে বড় সংগ্রহ এনে দেন। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ৭০ বলে ৭২ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আবাহনীর হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোস্তাফিজুর রহমান। ৯.৪ ওভারে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন এই বাঁহাতি পেসার। এ ছাড়া মাহফুজুর রহমান রাব্বি শিকার করেন ২ উইকেট। বৃষ্টি আইনে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৬৩ রান। আবাহনীর জয়ে নাজমুল হোসেন শান্ত ২৩ বলে ৩০ রানের ইনিংস খেলেন। শেষদিকে জাকের আলী অপরাজিত ৩৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রূপগঞ্জের হয়ে মেহেদী হাসান ৩ উইকেট নেন।

বসুন্ধরার জয়
ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে গতকাল ঢাকা লেপার্ডসকে ৩১ রানে হারায় বসুন্ধরা স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৯ উইকেটে ২৫১ রান তোলে দলটি। শুরুতে দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও সাইফ হাসান ও নুরুল হাসান সোহানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্ট্রাইকার্স। ১১২ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৯৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন সাইফ। নুরুল হাসান সোহান করেন ৫৮ রান। শেষ দিকে আল-আমিন ৩০ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন। ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা লেপার্ডস। মাত্র ১৬ রানেই হারায় ৩ উইকেট। পরে ইফতিখার হোসেন ইফতি ও মইন খানের ব্যাটে লড়াইয়ে ফেরার চেষ্টা করে দলটি। ইফতি ৮২ বলে ৭০ এবং মইন খান ৪৬ বলে ৫৭ রান করেন। শেষ পর্যন্ত ৩৯ ওভারে ২২০ রানেই থেমে যায় তাদের ইনিংস। স্ট্রাইকার্সের হয়ে বল হাতে নাহিদুল ইসলাম ও সানজামুল ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া আমিনুল ইসলাম নেন ২ উইকেট।

সিটিকে হারালো গুলশান
সিটি ক্লাবকে ১৭ রানে হারায় গুলশান ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারে ২০১ রানে অলআউট হয় গুলশান। দলের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন শাহাদাত হোসেন। তিনি করেন ৯০ রান। শাহরিয়ার সাকিব করেন ৪৬ রান। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে চাপে পড়ে সিটি ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মোহাম্মদ এনামুল। এ ছাড়া আব্দুর গাফফার সাকলাইন করেন ৩৬ রান। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় সিটি ক্লাব।

লো স্কোরিং থ্রিলার জিতলো প্রাইম ব্যাংক
ক্রিকেটার্স একাডেমিকে আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে বৃষ্টি আইনে ১৬ রানে হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে শাহাদাত হোসেন দিপুর ও খালিদ হাসানের ৪১ রানের ওপর ভর করে ৩৭ ওভারে ১৬৫ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। পরে বৃষ্টি আইনে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ২৯.৪ ওভারে ১৪২ রান। সেই লক্ষ্য পেরোতে পারেনি রূপগঞ্জ। ১২৫ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ ৪২ রান করেন শফিকুল হায়দায় হৃদয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন