আগামী ১০ই জুন থেকে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ ট্রফি। ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ- ছয় জাতির অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে হবে সেমিফাইনাল। ১৪ই জুন ফাইনাল। অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হবে।
সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি পরবে চ্যাম্পিয়নের মুকুট। এর আগে প্রথমবার ঢাকায় হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর বসেছিল ২০০০ সালে। সেবার হয়েছিল এশিয়ান উইমেন্স জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এরপর ২০১০ সালে দক্ষিণ এশিয়ান গেমসে হ্যান্ডবল ডিসিপ্লিন অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ ২০২৩ সালের মে মাসে হয়েছিল আইএইচএফ উইমেনস চ্যালেঞ্জ ট্রফি। ওই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ বিভাগে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিয়েছিল। যেখানে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
গতকাল টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের এসময় উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সভাপতি ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ মজনু মোল্লাহ, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, স্পনসর প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন।
