ভাইপোর ‘ডানা’ ছেঁটে পরিবর্তনের বার্তা দিলেন মমতা

ভাইপোর ‘ডানা’ ছেঁটে পরিবর্তনের বার্তা দিলেন মমতা

ফন্ট সাইজ:

নির্বাচনে পরাজয়, নবনির্বাচিত বিধায়কদের বিদ্রোহ এবং সংসদ সদস্যদের মধ্যেও দল ভাঙার গুঞ্জন বাড়তে থাকায় তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলে সাংগঠনিক পরিবর্তনের বার্তা দিলেন। শুক্রবার কালীঘাটের বাড়িতে দলের জাতীয় কর্ম সর্মিতির বিশেষ বৈঠক ডাকেন মমতা। সেই বৈঠক থেকে তিনি সাংগঠনিক রদবদল করেন। তার বিশ্বস্ত এবং পুরোনো নেতাদেরই ফিরিয়ে এনেছেন পদে।

এর আগে তিনি দলের সব সাংগঠনিক কমিটি ও দলীয় অঙ্গ সংগঠনগুলি ভেঙে দেন, বৈঠকে যদিও মুষ্টিমেয় কিছু নেতা উপস্থিত ছিলেন। তবে দলের মধ্যে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যাপক সমালোচনার উত্তরে মমতা অভিষেকের ‘ডানা’ ছাঁটার ব্যবস্থা করেছেন বলে মনে করা হচ্ছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেককে বহাল রাখলেও তার সঙ্গে যুগ্ম সম্পাদক হিসেবে জুড়ে দেয়া হয়েছে দু’জনকে। অভিষেককে এবার থেকে সাহায্য করবেন রাজ্যসভার দুই সদস্য ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। দু’জনই মমতার খুবই ঘনিষ্ঠ। মনে করা হচ্ছে এর মাধ্যমে মমতা বার্তা দিলেন যে, এখন থেকে অভিষেকের একক কর্তৃত্ব আর থাকছে না।

শুক্রবার তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকের পর ঘোষণায় জানানো হয়েছে, বর্তমান রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে সরিয়ে সেই পদে সাবেক মন্ত্রী ও মমতার অনুসারী চন্দ্রিমা ভট্টাচার্যকে বসানো হয়েছে। অন্যদিকে, বক্সীকে দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি করা হয়েছে।

তবে তৃণমূলের অন্যতম পরিচিত সংখ্যালঘু মুখ ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সেনাপতিদের একজন ফিরহাদ হাকিমের নাম কোনও তালিকায় রাখা হয়নি।
সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী খন্দকারকে পশ্চিমবঙ্গ কমিটির সহসভাপতি করা হয়েছে। অরূপ বিশ্বাস, রাজীব বন্দ্যোপাধ্যায়, বাবর আলী, পুলক রায় এবং অণিমা পাত্রকে রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, রানা চট্টোপাধ্যায়, বিদেশ বসু, তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, তাপস চট্টোপাধ্যায়, বসুন্ধরা গোস্বামী ও গৌতম দেব। শাখা সংগঠনগুলোর মধ্যে অভিনেত্রী সংসদ সদস্য সায়নী ঘোষকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে বহাল রাখা হয়েছে। মালা রায়কে দলের মহিলা শাখার সভাপতি করা হয়েছে। পরবর্তী সময়ে এই তালিকায় আরও নাম যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন