দুয়া লিপা-ক্যালামের বিলাসবহুল বিয়ে নিয়ে ‘বাড়াবাড়ি’, ৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ

দুয়া লিপা-ক্যালামের বিলাসবহুল বিয়ে নিয়ে ‘বাড়াবাড়ি’, ৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ

ফন্ট সাইজ:

হার্টথ্রব গায়িকা দুয়া লিপা’র বিয়ে। এ উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। এই আয়োজনকে ঘিরে ইতালির পালের্মো শহরের বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কারণ, পুরো শহর কার্যত দুয়া লিপার কারণে স্থবির। এই অসন্তোষ দূর করতে তিনি ৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। শনিবার ৩০ বছর বয়সী এই পপ তারকার বিয়ে করার কথা অভিনেতা ক্যালাম টার্নারকে। ৩৬ বছর বয়সী ক্যালামের সঙ্গে তার এই তিন দিনের ইতালীয় বিয়ের উৎসব শুরু হয়েছে পালাজ্জো ভালগুয়ারনেরা গাঙ্গিতে আয়োজিত একটি ককটেল পার্টির মাধ্যমে। বিয়ের আয়োজনের জন্য পালের্মোর দুটি গুরুত্বপূর্ণ চত্বর- পিয়াজ্জা ক্রোচে দেই ভেসপ্রি এবং পিয়াজ্জা সান্ত’আন্না সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

এ নিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। ডেইলি মেইল জানায়, সপ্তাহান্তে শহরের বিভিন্ন স্থানে প্রতিবাদী গ্রাফিতিও দেখা গেছে। নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিয়ের অতিথিদের জন্য অতিরিক্ত পার্কিং ব্যবস্থার কারণে যেসব আবাসিক ভবনের বাসিন্দারা প্রভাবিত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ হিসেবে দুয়া লিপা ৫ হাজার পাউন্ড দিয়েছেন। শুক্রবার রাতে ককটেল পার্টির আয়োজক চত্বরে একটি মার্বেল স্তম্ভে অশালীন গ্রাফিতিও দেখা গেছে। একটি সূত্র দ্য সানকে বলেছে, এটি দুয়া যে রূপকথার মতো প্রেমের গল্পের আবহ তৈরি করতে চাইছেন, তার সঙ্গে মোটেও মানানসই নয়। পিয়াজ্জা ক্রোচে দেই ভেসপ্রি এলাকার কাছেও একটি দেয়ালে লেখা হয়েছে, ‘পালের্মো ভাড়ার জন্য নয়।’ পরে তা মুছে ফেলা হয়। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার আগে পিয়াজ্জা সান্ত’আন্নায় ককটেল পার্টির অতিথিদের আগমন দেখার জন্য জড়ো হওয়া মানুষজন হতাশ হন। কারণ, পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বলে।

একজন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা বলেন, সবকিছুই একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে। আমরা শুধু দুয়া লিপাকে দেখতে এবং শুভকামনা জানাতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের চলে যেতে বলেছে। চত্বরটি একটি ক্লাসিক মার্সিডিজ, একটি আলফা রোমিও জুলিয়েত্তা এবং একটি ফিয়াট ১২৮ দিয়ে সাজানো হয়েছিল। শেষের গাড়িটির ওপর রাখা হয়েছিল জুকিনি, টমেটো, চেরি এবং ফাভা বিনসের থালা। এছাড়া প্রাচীন আয়না, ঐতিহ্যবাহী সিসিলীয় দৃশ্যের প্রিন্ট এবং বইয়ের তাক দিয়ে সজ্জিত একটি খোলা ককটেল বারও ছিল। স্থানীয় কিছু ব্যবসায়ীও ক্ষুব্ধ হয়েছেন। কারণ শুক্রবার সন্ধ্যায়, যা পালের্মোতে ঘুরতে বের হওয়ার সবচেয়ে জনপ্রিয় সময়গুলোর একটি, তাদের আগেভাগেই দোকান বন্ধ করতে হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শহরটি বৃটিশ পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

চত্বরের বিপরীতে অবস্থিত গ্যালেরিয়া মডার্না শুক্রবার দুপুর ২টায় সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়। বিয়ের আয়োজনের একটি অংশ সেখানে হবে বলে জানা গেছে। স্থানটি ভাড়া নিতে প্রায় ১০ হাজার পাউন্ড ব্যয় হয়েছে। ভিআইপি অতিথিরা যাতে নজরের আড়ালে গাড়িতে করে প্রবেশ করতে পারেন, সে জন্য ধাতব নিরাপত্তা ব্যারিকেডও স্থাপন করা হয়েছে। উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার রাতে ভিলা ইজিয়া হোটেলে আয়োজিত একটি খোলা আকাশের নিচের ককটেল পার্টির মাধ্যমে।

দুয়া, ক্যালাম এবং অধিকাংশ অতিথি সেখানেই অবস্থান করছিলেন। সেই রাতে কালো টি-শার্ট পরা এবং দৃষ্টিনন্দন ট্যাটু আঁকা বলিষ্ঠ নিরাপত্তাকর্মীরা চত্বরজুড়ে টহল দেন এবং পথচারী ও সংবাদমাধ্যমের ওপর নজর রাখেন। স্থানীয় পত্রিকা লা রিপাবলিকা’কে দেয়া এক সাক্ষাৎকারে পালের্মোর মেয়র রবার্তো লাগাল্লা দুয়া ও ক্যালামের শহরটিকে বিয়ের জন্য বেছে নেয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, গত বছর ছুটিতে এসে তারা শহরটির প্রেমে পড়েন। দুয়া লিপার মতো বিশ্বমানের একজন শিল্পী তার বিয়ের জন্য পালের্মোকে বেছে নিয়েছেন। এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক পর্যায়ে শহরটির আকর্ষণ কতটা বেড়েছে।

স্থানীয়দের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ ধরনের বৃহৎ আয়োজনের কারণে যে সাময়িক অসুবিধা সৃষ্টি হয়, আমি তা বুঝতে পারি এবং এ জন্য দুঃখিত। তবে এগুলো সীমিত সময়ের ঘটনা। তিনি আরও বলেন, গৃহীত সব ব্যবস্থার মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তার ভাষায়, আমাদের ভুলে গেলে চলবে না, এ ধরনের আয়োজন পালের্মোর জন্য আন্তর্জাতিক প্রচারণা বয়ে আনে। এর ফলে শহরের আকর্ষণ বাড়ে এবং সামগ্রিক অর্থনৈতিক সুফল তৈরি হয়। পুলিশ ও নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পিয়াজ্জা সান্তা আন্না এবং পিয়াজ্জা ক্রোচে দেই ভেসপ্রিকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি নেয়।

তবে স্থানীয় কর্মকর্তারা সরাসরি বিয়ের কথা উল্লেখ না করে একটি অস্পষ্ট নোটিশে এটিকে ‘ডেমনস্ট্রেশন প্রোডাকশন’ হিসেবে উল্লেখ করেছেন বলে জানা গেছে। এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে বিভক্ত। কেউ কেউ মজা করে জানতে চেয়েছেন, এর বিনিময়ে দুয়া লিপা কি সমুদ্রসৈকতে একটি বিনামূল্যের কনসার্ট করবেন? বৃহস্পতিবার দুয়া ও ক্যালাম সিসিলিতে পৌঁছান। তারা রাতপ্রতি ৬ হাজার পাউন্ড ব্যয়ের ভিলা ইজিয়া হোটেলে অবস্থান করছিলেন। খরচের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হয়নি। টিরেনিয়ান সাগর সংলগ্ন হোটেলটির পুরো একটি তলা তারা বুক করেছেন।

এ ছাড়া শনিবারের আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বাঘেরিয়া এলাকার স্থানীয় কাউন্সিলকে আরও ১০ হাজার ইউরো দেয়া হয়। অনুষ্ঠানটি হওয়ার কথা ভিলা ভালগুয়ারনেরায়। সেখানে গুজব রয়েছে যে এলটন জন বিশেষ পরিবেশনা করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে রোম ও লন্ডন থেকে ৫০ জনেরও বেশি দেহরক্ষী আনা হয়েছে। ভিলা ভালগুয়ারনেরার আশপাশের সড়কও বন্ধ করে দেয়া হয়েছে, যা স্থানীয় ব্যবসায়ীদের বিরক্তির কারণ হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন