ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের বৈভব

ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের বৈভব

ফন্ট সাইজ:

আইপিএল রাঙানোর পর ভারতের জাতীয় দলে ডাক পেলেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন ১৫ বছর বয়সী এই বাঁহাতি হার্ডহিটার ব্যাটার। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে জায়গা পেয়েছেন বৈভব। ভারতকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদব বাদ পড়েছেন।

এই দুই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। আয়ারল্যান্ড কিংবা ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলে ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হওয়ার অনন্য নজির গড়বেন বৈভব সূর্যবংশী। এই রেকর্ডটি এত দিন অক্ষত ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লিটল মাস্টারের। ১৫ বছর বয়সী বৈভব এবার সেই রেকর্ড নিজের করে নেয়ার পথে। বৈভব ও নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ছাড়াও এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন নিতিশ কুমার রেড্ডি, রবি বিষ্ণুই ও প্রিন্স যাদব। তবে বিশ্বকাপজয়ী দল থেকে সূর্যকুমারের পাশাপাশি বাদ পড়েছেন রিঙ্কু সিং ও কুলদিপ যাদব। এছাড়া এই সফরের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দুই তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাকে। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতালেও ব্যাট হাতে রান খরায় ভোগেন বিদায়ী অধিনায়ক সূর্যকুমার।

৯ ইনিংসে মাত্র ২৪২ রান করার পর সবশেষ আইপিএলেও আলো ছড়ায়নি তার ব্যাট। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৩ ইনিংসে মাত্র ২০.৭৬ গড়ে ২৭০ রান করেন তিনি। অফ-ফর্মের কারণে দল থেকে জায়গা হারিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। ২০২৩ সালের পর টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও আইপিএলে পাঞ্জাব কিংস ও কেকেআরকে নেতৃত্ব দেন। দুই আসরে যথাক্রমে ৬০৪ ও ৪৯৮ রান করেছেন শ্রেয়াস আইয়ার। বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের জার্সিতে এবারের আইপিএলে ১৬ ইনিংসে ২৩৭.৩০ অবিশ্বাস্য স্ট্রাইক রেটে করেছেন ৭৭৬ রান। আসরে ৭২টি ছক্কা মেরে ভেঙেছেন আইপিএলের ১৪ বছর পুরোনো রেকর্ডও। আগামী ২৬ ও ২৮শে জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর ১লা জুলাই থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন