পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। তথ্যগত অসঙ্গতি বিচার করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিচারপতি ও বিচারকেদের। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে "আস্থার ঘাটতি"র উল্লেখ করে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের চলমান এসআইআর প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য বিচারিক কর্মকর্তা হিসেবে কর্মরত বা সাবেক অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগের নির্দেশ দিয়েছে।
শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে শুনানিতে আদালত জানিয়েছে, রাজ্যের ভূমিকায় তারা হতাশ। পশ্চিমবঙ্গ সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। এর পরেই কলকাতা হাই কোর্টকে এসআইআরের কাজের জন্য কয়েক জন আধিকারিক নিযুক্ত করার অনুরোধ করেন তিনি। বলেন, ‘‘পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতি রাজ্য সরকার তৈরি করেছে, যেখানে বিচারবিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন।’’
ফলে এখন এসআইআরের কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলির নিষ্পত্তি করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত আধিকারিকেরা। নির্বাচন কমিশন এবং রাজ্য
সরকারের আধিকারিকেরা কেবল বিচারবিভাগীয় ওই আধিকারিকদের সহায়তা করবেন।
এসআইআরের কাজকে কেন্দ্র করে রাজ্য এবং কমিশনের বিরোধ মূলত গ্রুপ বি আধিকারিকদের নিয়োগ নিয়ে। কমিশনের অভিযোগ, বার বার আবেদন করা হলেও রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেয়নি। দেওয়া হয়েছে গ্রুপ সি বা আরও নিম্নপদস্থ আধিকারিকদের। এরপরই সুপ্রিম কোর্টের এই নির্দেশ।
