আইনি ঝামেলায় মিমি

আইনি ঝামেলায় মিমি

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আয়োজক তনয় শাস্ত্রীর মধ্যে চলমান আইনি বিরোধ নতুন মোড় নিয়েছে। অভিযোগকারী তনয় শাস্ত্রীর আবেদনের পর বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠিত হয়েছে। গত ২রা জুন বনগাঁ আদালতে চার্জশিট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে ওইদিন আদালতে উপস্থিত ছিলেন না মিমি। তার পরিবর্তে হাজির হন তার আইনজীবী। এ বিষয়ে তনয় শাস্ত্রী দাবি করেন, মামলার শুরু থেকে মিমি চক্রবর্তী ব্যক্তিগতভাবে আদালতে হাজির হননি। তার অভিযোগ, বারবার সময় নিয়ে মামলার কার্যক্রম দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে। পরে তার আইনজীবী ও বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতে চার্জশিট গঠনের আবেদন করেন।

তনয়ের ভাষ্য, মিমির দায়ের করা অভিযোগের কারণে তাকে কারাভোগও করতে হয়েছে। তাই তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমি এর শেষ দেখে ছাড়বো। বিনা অপরাধে আমাকে জেলে যেতে হয়েছে। এর বিচার চাই। ঘটনার সূত্রপাত বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে।

আয়োজকদের দাবি, নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠানে পৌঁছান মিমি চক্রবর্তী। তনয় শাস্ত্রীর বক্তব্য, অনুষ্ঠান পরিচালনার অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। সময়সীমা শেষ হয়ে আসায় তিনি অভিনেত্রীকে মঞ্চ থেকে নামার অনুরোধ করেছিলেন। তবে অনুষ্ঠান শেষে মিমি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে তনয়কে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তনয় শাস্ত্রী বনগাঁ আদালতে মিমির বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেন। এর মধ্যে একটি মানহানি এবং অন্যটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি চুক্তিভঙ্গের অভিযোগও তোলা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন