মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবে ‘নিশি’

মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবে ‘নিশি’

ফন্ট সাইজ:

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘নিশি’। এবার ইউরোপের দেশ মন্টেনিগ্রোর মর্যাদাপূর্ণ গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি। পরিবেশ ও মানবিক সংকটের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি উৎসবের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বিশ্বের শীর্ষ ৩১টি পরিবেশভিত্তিক চলচ্চিত্র উৎসবের অন্যতম এই আয়োজন মন্টেনিগ্রোর একমাত্র পরিবেশবাদী চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত।

আগামী ১ থেকে ৩রা আগস্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুরমিতর ন্যাশনাল পার্কের ব্ল্যাক লেকের পাশে অনুষ্ঠিত হবে উৎসবটি। গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘নিশি’ যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। পরিচালক গোলাম রাব্বানী বলেন, নিশির এই আন্তর্জাতিক যাত্রা সত্যিই আনন্দের। সিনেমার মাধ্যমে আমরা আমাদের গল্প বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারছি।

পাশাপাশি তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি, যা আমাদের চলচ্চিত্রচর্চাকে আরও সমৃদ্ধ করছে। আমার ওপর বিশ্বাস রাখার জন্য আইএএফএমকে ধন্যবাদ।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেস্কো ঢাকার সহযোগিতা। চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, পানির সংকটের কারণে এক চা-শ্রমিকের কন্যা নিশির লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়। এ সুযোগে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। এভাবেই এগিয়ে যায় গল্পের নাটকীয়তা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন