হ্যামস্ট্রিংয়ের চোটে আফগান সিরিজ শেষ কোহলির

ভারতীয় গণমাধ্যমের দাবি

হ্যামস্ট্রিংয়ের চোটে আফগান সিরিজ শেষ কোহলির

ফন্ট সাইজ:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনালে বিরাট কোহলি পায়ের অস্বস্তি নিয়ে ব্যাট করার সময়ই কিছুটা আঁচ পাওয়া যায়। এবার ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলো জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কোহলি।

অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভিসহ দেশটির বিভিন্ন গণমাধ্যম এই খবর দিয়েছে। আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে আইপিএল ফাইনালের শেষ দিকে দৌড়ে রান নেয়ার সময় বেশ ভুগতে দেখা যায় কোহলিকে। তবে চোটের অস্বস্তি নিয়েও তিনি ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। আগামী ৬ই জুন থেকে চণ্ডীগড়ে শুরু হবে ভারত-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৩ই জুন থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। কোহলির পাশাপাশি সিরিজে রোহিত শর্মার খেলা নিয়েও সংশয় রয়েছে।

সদ্য সমাপ্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ এবং পুরো টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ ৬৭৫ রান করেছেন কোহলি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যান তিনি। পরের বছরের মে মাসে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান এ ডানহাতি ব্যাটার। ৩৭ বছর বয়সী কোহলি এখন কেবল ওয়ানডে ক্রিকেটেই খেলছেন।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার ২৯৯ ইনিংসে রেকর্ড ৫৪টি সেঞ্চুরিসহ ১৪,৭৯৭ রানের মালিক। ২০২৩ সাল থেকে ওয়ানডেতে ফর্মে থাকা কোহলি ১৬ ম্যাচে ৬৮.৫৩ গড়ে ৮৯১ রান করেছেন, যার মধ্যে ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও বড় অবদান রাখেন তিনি।

বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষেও তিনি ছিলেন ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক। তবে এই চোটের কারণে শেষ পর্যন্ত আফগানদের বিপক্ষে কোহলি মাঠে না নামতে পারলে তা ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন