এ বিজয় বাংলাদেশের: পররাষ্ট্রমন্ত্রী

এ বিজয় বাংলাদেশের: পররাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর এ অর্জনকে ‘বাংলাদেশের বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও নবনির্বাচিত ইউএনজিএ সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এই বিজয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, কূটনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতিফলন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন শেষে দেশে ফিরে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এ বিজয় বাংলাদেশের বিজয়। এ বিজয় আমাদের অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণের বিজয়। এ বিজয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিজয়। প্রধানমন্ত্রী যদি দৃঢ়ভাবে, অবিচলভাবে এবং বিরতিহীনভাবে আমাদের সমর্থন না করতেন, তাহলে দীর্ঘ সময়ের কূটনৈতিক প্রচেষ্টা এত দ্রুত সফলতায় পৌঁছানো সম্ভব হতো না।

এর আগে সকালে জাতিসংঘের নির্বাচন শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন