পশ্চিমবঙ্গে শুক্রবার দুপুরে প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণবঙ্গসহ নানা জায়গা বিপর্যস্ত হয়েছে। কলকাতায় দুই দফায় ৮৮ কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছে। শহরের বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা।
কোথাও বিদ্যুৎস্পৃষ্ট, কোথাও বজ্রপাতে মৃত্যু হয়েছে । পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার দ্রুতগতিতে কাজ করছে বলে জানানো হয়েছে। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন সন্ধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ রুপি করে দেবে রাজ্য সরকার। আর্থিক সাহায্য পাবেন আহতরাও। তবে তাদের চিকিৎসাকে অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার এই মুহূর্তে চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন ,ক্ষতিগ্রস্ত এলাকাগুলি মেরামত এবং অন্যান্য সহায়তাও দেবে রাজ্য সরকার।
ঝড়বৃষ্টির মাঝে কলকাতার বাবুঘাটে আম কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক ব্যক্তি। এছাড়া উত্তর দিনাজপুরে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পুরুলিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় পরিস্থিতির উপর নজরদারি করছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এছাড়া বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ও কর্মকর্তারাও পর্যালোচনা করছেন।
শুভেন্দু অধিকারী আরও জানান, আসন্ন দুর্যোগের মরশুমে যেসব জায়গায় বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে, সেসব খতিয়ে দেখে আগাম সুরক্ষা ব্যবস্থা নেবে রাজ্য সরকার।
