লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ আইনমন্ত্রীর

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ আইনমন্ত্রীর

ফন্ট সাইজ:

আইন প্রণয়ন, চুক্তি সম্পাদন, আন্তর্জাতিক নেগোসিয়েশন ও বিরোধ নিষ্পত্তি বিষয়ে দক্ষ জনবল গড়ে তুলতে লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আওতাধীন লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা বোর্ডের প্রথম সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।
সভায় ইনস্টিটিউটের সার্বিক অবস্থা, ইতোমধ্যে গৃহীত কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা বোর্ডকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রী ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রতিষ্ঠার উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সভায় উপদেষ্টা বোর্ডের সদস্য ও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন কমিশনের সাবেক পরামর্শক (সচিব পদমর্যাদা) এ কে মোহাম্মদ হোসেন এবং বোর্ডের সদস্য-সচিব ও লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস. এম. শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশে আইন ও চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি (ট্রিটি), নেগোসিয়েশন এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও আরবিট্রেশন বিষয়ে দক্ষ জনবল তৈরি এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণার লক্ষ্যে ২০২৫ সালে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অধীনে লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। দেশে এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অভাব পূরণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইনস্টিটিউটের অন্যতম উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন ও চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি, নেগোসিয়েশন, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও আরবিট্রেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান; দক্ষ নেগোশিয়েটর ও আরবিট্রেটর তৈরি; লেজিসলেটিভ ড্রাফটিং ও এডিটিংয়ের উৎকর্ষ সাধন; আন্তর্জাতিক মান অনুসরণ করে আইন ও চুক্তির খসড়া প্রণয়ন; আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনার সক্ষমতা বৃদ্ধিতে বিদেশি ভাষা শিক্ষা; প্রণীতব্য আইনের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ ও নীতি প্রণয়নে সহায়তা এবং ট্রিটি হ্যান্ডবুক প্রণয়ন।
এ ছাড়া আইন ও চুক্তিসংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালা, সেমিনার, সম্মেলন ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করছে ইনস্টিটিউটটি। প্রতিষ্ঠার পর থেকে ইনস্টিটিউটটি ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রায় এক হাজার কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করেছে।