আসন্ন ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭-এ যোগি দিতে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বনেতাদের এবারের সভাটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। অনুষ্ঠেয় সামিটে তারেক রহমানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। রোববার ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করে এই আমন্ত্রণ জানান।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আমিরাতের প্রধানমন্ত্রী বলেন, মানবজাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।
তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ (ভবিষ্যতের সরকার গঠন)। এই সম্মেলন একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মঞ্চ, যেখানে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা একত্রিত হয়ে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন এবং শাসনব্যবস্থার উদ্ভাবনী পদ্ধতিগুলো খুঁজে দেখেন।
সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের মতে, ২০২৬ সালের সম্মেলনে ৬০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনেরও বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।
