অনুপ্রবেশের জন্য জনবিন্যাস পাল্টে যাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলির বলে অভিযোগ ভারতের মোদি সরকারের। জাতীয় নিরাপত্তার জন্য তৈরি হয়েছে বড়সড় চ্যালেঞ্জ জানিয়ে ‘ভিশন ডেমোগ্রাফি’ মিশনের কথাও ঘোষণা করা হয়েছিল। এবার জনবিন্যাসে বদল খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশের জেরে জনবিন্যাসে বদল এবং সেটার কী প্রভাব জনমানসে পড়ছে তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ভারত সরকার। ওই কমিটির নেতৃত্বে দেবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জনগণনা কমিশনার, সাবেক আইএএস কর্মকর্তা দুর্গাশঙ্কর মিশ্র, সাবেক আইপিএস কর্মকর্তা বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (বিদেশি-১) কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, জনবিন্যাসে বদল অত্যন্ত গুরুতর ইস্যু। এটা শুধু যে শুধু ভারতের সার্বভৌমত্বে আঘাত তাই নয়, একই সঙ্গে জাতীয় নিরাপত্তার জন্যও বিপজ্জনক। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক বিন্যাসের জন্যও জনবিন্যাসে বদল ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে। একই সঙ্গে আদিবাসী সমাজের জন্য অস্তিত্বের সংকটের কারণ হতে পারে জনবিন্যাস বদল।
তিনি আরও জানিয়েছেন, তার তৈরি কমিটি শুধু যে অনুপ্রবেশের কারণে জনসংখ্যার অস্বাভাবিক বদল দেখবে তাই নয়, একই সঙ্গে অন্য কোনও কারণে অস্বাভাবিকভাবে জনসংখ্যার বিন্যাস বদলাচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখবে। এই কমিটির কাজ হবে দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ অভিবাসীদের আগমণের ফলে এবং অন্যান্য অস্বাভাবিক কারণে যে জনবিন্যাসের বদল আসছে, সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবে। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সমস্যা সমাধানের সুপরিকল্পিত মতামতও পেশ করবে।
