মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সুযোগ পেলেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অফুরন্ত প্রশংসায় ভরিয়ে দেন। রোববারও তিনি নয়াদিল্লিতে মার্কিন দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে টেলিফোনে যোগ দিয়ে বারবার নিজেকে মোদির বড় ভক্ত বলায় ভারতের রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নিয়ে দিল্লিতে রোববার আয়োজিত একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফোনে সরাসরি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন 'বড় ভক্ত' হিসেবে তার প্রশংসা করেন।
অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত হয়েছিল।
অনুষ্ঠানে একটি বিশাল পর্দার সামনে মার্কিন দূত সার্জিও গোর এবং রুবিও দাঁড়িয়ে থাকাকালীন ট্রাম্প বলেন, "...আপনাকে আমাদের দেশের প্রতিনিধি হতে হবে, সার্জিও। কিন্তু আমি শুধু সবাইকে হ্যালো বলতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ। তিনি আমার বন্ধু।"
ট্রাম্প আরও বলেন, আমাদের একটি রেকর্ড-গড়া অর্থনীতি আছে, একটি রেকর্ড-গড়া শেয়ার বাজার আছে। আর ভারত যা চায়, তাই পায়। এবং আমি প্রধানমন্ত্রী মোদির একজন অনেক বড় ভক্ত। রুবিওকে 'সর্বশ্রেষ্ঠ' পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রশংসা করেন ট্রাম্প। বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদায় নেবেন। এটা ভালো। বেশ, আপনাদের এখানে কিছু বড় মাপের ব্যক্তি আছেন। যখন আপনার মার্কো, সার্জিও (ভারতে নিযুক্ত মার্কিন দূত)-এর মতো ব্যক্তিরা থাকেন... আপনি বড় মাপের ব্যক্তিদেরই পাচ্ছেন। সবাই, আপনাদের সন্ধ্যাটা উপভোগ করুন। আর প্রধানমন্ত্রী মোদির সাথে কথা বলা এবং তাকে শুভেচ্ছা জানানোটা আমার জন্য সম্মানের। এবং তাকে জানাতে চাই যে আমি তার একজন বড় ভক্ত।
রোববার রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত একটি বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে, যা হবে “উপকারী”, “টেকসই” এবং উভয় দেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
