চলমান ইরান যুদ্ধের মধ্যে ভারতে গত ১১ দিনের মধ্যে চতুর্থবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ আড়াই রুপির বেশি দাম বাড়ার ফলে দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ রুপি ছাড়িয়ে গেছে।
রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি সোমবার পেট্রোলের দাম ২.৬১ রুপি বাড়ানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে, ডিজেলের দাম ২.৭১ রুপি বাড়ানো হয়েছে। এই দাম বৃদ্ধির ফলে দিল্লিতে এখন পেট্রোলের দাম হবে লিটার প্রতি ১০২.১২ রুপি। একইভাবে, রাজধানীতে ডিজেলের দাম হবে লিটার প্রতি ৯৫.২০ রুপি। কলকাতায় অবশ্য এই দাম বৃদ্ধির ফলে পেট্রোলের দাম গিয়ে দাঁড়িয়েছে ১১৩.৫১ রুপি । লিটার প্রতি ২.৮০ রুপি বেড়ে ডিজ়েলের দাম কলকাতায় হয়েছে ৯৯.৮২ রুপি।
গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন রুপি বেড়ে গিয়েছিল পেট্রোলের দাম। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রোলের দাম বাড়িয়ে দেওয়া হয়। তার পর ২৩ মে, শনিবার ফের ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হয়। সোমবারের মূল্যবৃদ্ধির পর দেশে গত ১১ দিনে সাত টাকারও বেশি মহার্ঘ হয়ে গিয়েছে পেট্রোল।
সর্বশেষ এই দাম বৃদ্ধির ফলে সেসব পরিবারের উপর চাপ বাড়াবে যারা ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির সাথে লড়াই করছে। ডিজেলের দাম বাড়ার ফলে সরবরাহ খরচ বাড়বে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও প্রভাবিত হবে। জ্বালানির দাম আগেরবার বাড়ার কারণে দুধ ও রুটি ইতিমধ্যেই বেশি দামে বিক্রি হচ্ছে। তবে জ্বালানির এই সর্বশেষ মূল্যবৃদ্ধি এমন এক দিনে ঘটল, যেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি কমে এই মাসে প্রথমবারের মতো ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নেমে গেছে।
পর্যবেক্ষকদের সূত্রে বলা হয়েছে, তেল সংস্থাগুলি লাভের পরিমাণ ঠিক রাখতে এই দাম বৃদ্ধি করে চলেছে।
