পশ্চিমবঙ্গের ফলতা উপনির্বাচনে জিতে বিজেপির মোট আসন দাঁড়ালো ২০৮

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা উপনির্বাচনের ভোট গণনায় বিজেপি প্রার্থীর জয়লাভে মোট আসন দাঁড়িয়েছে ২০৮। রোববার ফলতা কেন্দ্রের ভোট গননা শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের শম্ভুনাথ কুড়মিকে পরাজিত করেছেন। বিজেপি প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬টি ভোট। সিপিআইএম প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ৬৪৫টি ভোট।

তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা পেয়েছেন ১০ হাজার ৮৪টি ভোট। ২২ রাউন্ড গণনার শেষে মাত্র ৭৭৮৩টি ভোট পেয়ে চতুর্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। অবশ্য নির্বাচনের আগে প্রচারের শেষ দিনেই ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন জাহাঙ্গির। তিনি জানিয়েছিলেন, ফলতার উন্নয়নের স্বার্থে এবং শান্তি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিরোধীরা এই সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন তোলে। তৃণমূল কংগ্রেস দলগত ভাবে জাহাঙ্গিরকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেয়নি।

দক্ষিণ ২৪ পরগনার এই কেন্দ্রে গত ২১ মে ফের ভোটগ্রহণ হয়েছিল। এর আগে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে ইভিএমে কারচুপি এবং ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন সম্পূর্ণ ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল। রোববার সেই পুনর্নিবাচনের ফল প্রকাশ করা হলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন