অভিন্ন অবস্থান ছাড়াই শেষ হয়েছে ব্রিকস সম্মেলন

ফন্ট সাইজ:

ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠক শুক্রবার ইরান যুদ্ধ বিষয়ে কোনো অভিন্ন অবস্থান ছাড়াই শেষ হয়েছে। বৈঠকের যৌথ বিবৃতিতে শুধু এটুকু স্বীকার করা হয়েছে যে, সদস্যদের মধ্যে “ভিন্ন ভিন্ন মতামত” রয়ে গেছে। নয়াদিল্লিতে ১৪-১৫ মে দুই দিনের ব্রিকস পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন বসেছিল।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল থাকার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়া এটি ভারতে অনুষ্ঠিত পরপর দ্বিতীয় ব্রিকস সম্মেলন। বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। ২০২৬ সালে ভারতের ব্রিকস সভাপতিত্বের অধীনে এটিই ছিল প্রথম বড় মাপের মন্ত্রী পর্যায়ের বৈঠক।
উন্নয়নশীল অর্থনীতির এই ১০-সদস্যের জোটটি অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সমন্বয় সাধন করে এবং একই সাথে দীর্ঘদিন ধরে পশ্চিমা শক্তিগুলোর আধিপত্যে থাকা প্রতিষ্ঠানগুলোতে ‘গ্লোবাল সাউথ’-এর জন্য বৃহত্তর কণ্ঠস্বর প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে।

জানা গিয়েছে, সেপ্টেম্বরে ভারতে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যুদ্ধ এদিন ৭৭তম দিনে পদার্পণ করেছে। এই সংঘাতটি শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি, যখন মার্কিন ও ইসরাইলিরা ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং অবকাঠামোতে হামলা চালায়। এরপর থেকে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে এবং গত মাসে ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনাসহ বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা থমকে গেছে। যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধও আরোপ করেছে।

ব্রিকস বৈঠকটি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চীন সফরের সময়েই অনুষ্ঠিত হয়, যা ছিল প্রায় এক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্টের বেইজিং সফরের প্রথম ঘটনা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে থাকায় ব্রিকস বৈঠকে চীনের প্রতিনিধিত্ব করেন ভারতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত শু ফেইহং।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার সের্গেই ল্যাভরভ, ব্রাজিলের মাউরো ভিয়েরা, দক্ষিণ আফ্রিকার রোনাল্ড লামোলা এবং ইন্দোনেশিয়া, মিশর ও ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। সংযুক্ত আরব আমিরাত তাদের পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী খলিফা বিন শাহিন আল মারারকে পাঠিয়েছিল। আবুধাবির উদ্দেশে রওনা হওয়ার আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকের ফাঁকে সফররত মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন