ভারতে তৃতীয় পর্যায়ে এসআইআর-এর কাজ শুরুর ঘোষণা

ভারতে তৃতীয় পর্যায়ে এসআইআর-এর কাজ শুরুর ঘোষণা

ফন্ট সাইজ:

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ নিয়ে বিরোধী দলগুলোর প্রবল সমালোচনা সত্বেও তৃতীয় পর্যায়ে এসআইআর-এর কাজ শুরুর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দুই পর্যায়ে ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ হয়েছে। তৃতীয় পর্যায়ে বাকি ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার এসআইআর-এর কাজ শুরু হবে শিগগিরই।

বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তবে এই পর্যায়ে বাদ রাখা হয়েছে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও লাদাখ। এই তিনটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণনার দ্বিতীয় পর্যায় সম্পন্ন হয়েছে।

পাহাড়ি ও তুষারাবৃত এলাকার আবহাওয়া যথাযথভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট তিন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বিশেষ নিবিড় সংযোজনের সময়সূচি ঘোষণা করা হবে।

জানানো হয়েছে, এসআইআর-এর তৃতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর দ্বারা নিযুক্ত ৩.৪২ লক্ষ বুথ লেভেল এজেন্টের (বিএলএ) সহায়তায় ৩.৯৪ লক্ষেরও বেশি বুথ লেভেল অফিসার (বিএলও) ৩৬.৭৩ কোটি ভোটারের বাড়ি যাবেন। তৃতীয় পর্যায়ে যে ১৬ রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের কাজ শুরু হবে, সেগুলো হলো-ওড়িশা, মিজ়োরাম, সিকিম, মণিপুর, দমন ও দিউ। এছাড়াও উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি ও ত্রিপুরা তালিকায় রয়েছে।

উল্লেখ্য, বিহার ও পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিরোধী দলগুলো সমালোচনায় মুখর হয়েছিল। দ্রুত সময়ের মধ্যে এই কাজ করতে গিয়ে স্বচ্ছতার অভিযোগ তুলেছিল তারা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এসআইআরের কাজ চলাকালীন সাধারণ মানুষকে হেনস্থা এবং হয়রানির মধ্যে ফেলা হয়েছিল বলে অভিযোগ তুলেছিল। এমনকি এই প্রক্রিয়া চলাকালীন শতাধিক মৃত্যুরও অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন