আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয়ভাবে উদ্যাপিত হচ্ছে তিনদিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব ও গ্রামীণ মেলা। শুক্রবার দুপুর আড়াইটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনদিনব্যাপী এ আয়োজন উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে শেষ হবে রোববার মধ্যরাতে।
বুধবার দুপুরে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে সরজমিন গিয়ে দেখা যায়, কুঠিবাড়ির সম্মুখের ফাঁকা মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। পুরো এলাকায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। উৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়ে। কুঠিবাড়ির ভেতরে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থী ও রবীন্দ্র ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে।
বিরূপ আবহাওয়ার শঙ্কা থাকলেও ঝড়-বৃষ্টি মাথায় রেখেই কুঠিবাড়ি প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বড় মঞ্চ। কুঠিবাড়িতে সংরক্ষিত কবিগুরুর ব্যবহৃত জিনিসপত্রও নতুনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। জমিদারি পরিচালনার সূত্রে শিলাইদহে অবস্থানকালে তিনি গীতাঞ্জলিসহ বহু সাহিত্যকর্ম রচনা করেন। ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। শিলাইদহ কুঠিবাড়িকে কবিগুরুর স্বপ্নের বাড়ি হিসেবেও বিবেচনা করা হয়। এখান থেকেই তার নৌকাডুবি, বলাকা সহ অসংখ্য কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ।
রবীন্দ্রভক্ত ও দর্শনার্থীদের মতে, শিলাইদহ কুঠিবাড়ি কবিগুরুর সাহিত্যচর্চার অন্যতম স্মৃতিচিহ্ন। এখানে এসে তার জীবন, দর্শন ও সাহিত্যকর্ম থেকে অনুপ্রেরণা পান দর্শনার্থীরা। তাই রবীন্দ্র সাহিত্যে শিলাইদহের গুরুত্ব অপরিসীম।
বাংলা সাহিত্যের আধুনিকতার পথিকৃৎ হিসেবে মাইকেল মধুসূদন দত্তকে স্মরণ করা হলেও রবীন্দ্রনাথ সেই আধুনিকতাকে আরও ব্যাপক ও হৃদয়গ্রাহী করে তুলেছেন। তার ছোটগল্প বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, আর তার সংগীত যুগ যুগ ধরে বাঙালির হৃদয়ে বাজে নানা মাত্রায়। সাহিত্য সৃষ্টির পাশাপাশি তিনি বাংলা ভাষাকে করেছেন সহজ, সাবলীল ও সর্বজনবোধ্য।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবার জাতীয়ভাবে শিলাইদহ কুঠিবাড়িতে উদ্যাপিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী।
এ বিষয়ে শিলাইদহ কুঠিবাড়ির তত্ত্বাবধায়ক (কাস্টডিয়ান) আল-আমিন হোসেন জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এদিকে, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, তিনদিনব্যাপী এ আয়োজনে দেশবরেণ্য ব্যক্তি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সফল করতে নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনদিনব্যাপী এ আয়োজন ঘিরে শিলাইদহ কুঠিবাড়ি প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছে। দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে কবিগুরুর স্মৃতিধন্য এই ঐতিহাসিক স্থান।
