পশ্চিমবঙ্গে ভূমিধস বিজয়ের পর প্রধানমন্ত্রী কতর্ব্য ও লক্ষ্য নিয়ে একটি রুপরেখা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত সরকারের ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যপূরণ করতে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’-কেও প্রয়োজন। তবে পশ্চিমবঙ্গ বিধানসভার বিজয়ী সদস্যদের দলনেতা নির্বাচিত হওয়ার আগেই মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার কেমন হবে সেকথাই জানিয়েছেন শুভেন্দু।
রাজ্যবাসীকে প্রণাম জানিয়ে নতুন সরকারের লক্ষ্য সম্পর্কে শুভেন্দু লিখেছেন, বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। সকলকে সঙ্গে নিয়ে আমরা গড়ে তুলব একটি সুস্থ, সুন্দর এবং উন্নত রাজ্য। তার মতে, পশ্চিমবঙ্গবাসীর সেবা করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য। তার স্পষ্ট ঘোষণা, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই বিজেপির দৃঢ় অঙ্গীকার।
দুশোর বেশি আসন জিতে তৃণমূল কংগ্রেসকে প্রায় নির্মূল করে বিজেপি স্বপ্ন পূরণ করেছে। এই জয়ের জন্য পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুভেন্দু লিখেছেন, এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদীর জয়, প্রত্যেক বিজেপি কার্যকর্তার জয়। ভোটপর্ব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন, সরকারি কর্মী, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য এবং কলকাতা পুলিশকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যার জয়ী হওয়ার সার্টিফিকেট নেবার পর শুভেন্দু যেভাবে হিন্দুত্বের জয়গান করেছিলেন, এদিনের পোস্টে অবশ্য তার কোনও উল্লেখ নেই।

Anwarul Azam
২ মাস আগেঅনেক অনেক শুভেচ্ছা রইল। দেশ এগিয়ে যাক।