মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল আজ। পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর ১২টায় বালিকা বিভাগের ফাইনালে সানিডেইল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মুখোমুখি হবে। এরপর দুপুর ১টায় বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে নির্ঝর ক্যান্টনমেন্ট ও সানিডেইল। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। গতকাল রোমাঞ্চকর লড়াই শেষে বালক বিভাগের প্রথম সেমিফাইনালে নৌবাহিনী কলেজকে ৬-২ গোলে হারায় নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
দ্বিতীয় সেমিফাইনালে মতিঝিল মডেল স্কুলকে ৫-২ গোলে হারায় সানিডেইল। অন্যদিকে, বালিকা বিভাগের লড়াইয়েও দাপট দেখায় সানিডেইল। প্রথম সেমিফাইনালে তারা নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে ৬-২ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। দ্বিতীয় সেমিফাইনালে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে ৭-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভিকারুননিসা নূন স্কুল
অ্যান্ড কলেজ।
