পশ্চিমবঙ্গে একটি বিধানসভা আসনের পুনর্নির্বাচনের নজিরবিহীন সিদ্ধান্ত আসছে!

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে একটি বিধানসভা আসনের পুনর্নির্বাচনের নজিরবিহীন সিদ্ধান্ত আসতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। আর সেটি হলো দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত ফলতা বিধানসভা কেন্দ্র। গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন এই কেন্দ্র থেকে নানা অভিযোগ এসেছিল। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী একটি বুথে বিজেপির প্রতীকের উপর টেপ লাগিয়ে রাখার অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন।

কমিশন সূত্রে জানা গেছে, ফলতা নিয়ে একাধিক অসঙ্গতি উঠে এসেছে কমিশনের স্ক্রুটিনিতে। মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যের জন্য নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে সমস্ত অভিযোগ স্ক্রুটিনি করার নির্দেশ দিয়েছিলেন। কমিশন সূত্রে খবর, ৩২টি অভিযোগ জমা পড়ে ফলতা থেকে। এরপর রয়েছে ডায়মন্ড হারবার ২৯টি, মগরাহাট থেকে ১৩ ও বজবজ থেকে ৩টি অভিযোগ জমা পড়ে। এরমধ্যে শনিবার দুই বিধানসভার ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। এরমধ্যে মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে চলছে ভোটগ্রহণ। কমিশনের কাছে ইভিএমে টেপ লাগানোর অভিযোগ যেমন সামনে এসেছে, তেমনই বেশ কিছু জায়গাতে ইভিএমে আতর লাগানো ছিল বলেও দাবি। ইতিমধ্যেই ফলতা নিয়ে বিস্তারিত রিপোর্ট দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠিয়েছে রাজ্যের সিইও দপ্তর। কমিশন সূত্রে খবর, একাধিক অসঙ্গতি সামনে আসার পরে ফলতা বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, আগামী ৪ তারিখের আগেই এ ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত জানা যাবে। আর তা হলে ৪ তারিখ ফলতা কেন্দ্রের ভোট গণনা বন্ধ রাখা হবে। এক্ষেত্রে এই বিধানসভা কেন্দ্রের গণনা পুনর্নির্বাচনের পর আলাদাভাবে হতে পারে বলেও কমিশন সূত্রে জানা গেছে।

এদিকে, নির্বাচন মিটে যাওয়ার পরও ফলতার বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে। শনিবারও নতুন করে উত্তপ্ত হয়েছে ফলতার হাসিমনগর। সেখানকার বিজেপি সমর্থকদের হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। ঘটনায় ইতিমধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন