গণনা তত্ত্বাবধায়ক নিয়োগ মামলা ফের খারিজ

তৃণমূল কংগ্রেসের আশা গণনা স্বাধীন ও স্বচ্ছ হবে

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনা তত্ত্বাবধায়ক হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারীদের নিয়োগ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলাও খারিজ করে দিয়েছে আদালত। এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গণনাকেন্দ্রের বিন্যাস এবং কর্মী নিয়োগ নিয়ে আইনি প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছিল। এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস।

শনিবার সেই মামলার শুনানি শেষে বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আবেদন খারিজ করে দিযেছেন। তবে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, ‘গণনায় রিটার্নিং অফিসারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। তিনি রাজ্য সরকারের ক্যাডারেরই কর্মকর্তা। তা ছাড়া, প্রত্যেক প্রার্থীর নিজস্ব কাউন্টিং এজেন্ট গণনায় থাকবেন। তাই মামলায় যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশন গণনাকেন্দ্রের সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই আবহে তৃণমূল সাংসদের দাবি, এই পদক্ষেপ নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল এবং এর ফলে গণনার নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে।

তবে শনিবার সুপ্রিম কোর্টের মামলা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, কাউন্টিং সুপারভাইজ়ার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী বলে তৃণমূল কংগ্রেস মনে করে। আদালতকে সেটা জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কাউন্টিং সুপারভাইজ়ার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ সংক্রান্ত কমিশনের ১৩ এপ্রিলের বিজ্ঞপ্তিটির ১ নম্বর ধারা, ওই বিজ্ঞপ্তির দ্বিতীয় পৃষ্ঠায় উল্লিখিত একটি প্রধান বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নির্বাচনের বিধান রয়েছে। আদালতে শুনানির পর তৃণমূল কংগ্রেস আশা করছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ভোটগণনার প্রক্রিয়া স্বাধীন, স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ ভাবে হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন