যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন নামে হোটেলে স্থানীয় সময় শনিবার রাতে নৈশভোজের সময় অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্পকে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সাত থেকে আটটি গুলির শব্দ শোনার পর প্রেসিডেন্ট, ফার্স্টলেডি এবং অন্য অতিথিদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।
প্রচণ্ড গুলির শব্দের সময় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা চিৎকার করে সবাইকে টেবিলের নিচে আশ্রয় নিতে বলেন। সেই সময় আমন্ত্রিত অতিথিদের কেউ মেঝেতে লুটিয়ে পড়েন, কেউ আবার আশ্রয় নেন টেবিলের নিচে। বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানে দফায় দফায় গুলির শব্দ পাওয়ার পর সেখান থেকে ট্রাম্পের পাশাপাশি এফবিআই পরিচালক কাশ প্যাটেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সরিয়ে নেয়া হয়। নৈশভোজের ওই অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৬০০ অতিথি ছিলেন। ওয়াশিংটন ডিসির মেয়র জানান, হামলায় গুলিবিদ্ধ এজেন্টকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটনে গুলির ঘটনার পর এফবিআই ওয়াশিংটন ফিল্ড অফিসের ন্যাশনাল ক্যাপিটাল রেসপন্স স্কোয়াড দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়।
ইতিমধ্যে এই হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, অ্যালেন স্নাতক শেষ করার পর শিক্ষকতা করছিলেন। সিবিএস নিউজ বলছে, অ্যালেন নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক শেষ করার পর টরেন্সে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন।
অ্যালেনের একটি লিংকডইন প্রোফাইলের বরাতে সিএনএন জানিয়েছে, তিনি টেস্ট প্রিপারেশন ও টিউটরিং প্রতিষ্ঠান সি-২ এডুকেশনে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে দেখা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে অ্যালেনকে ‘টিচার অব দ্য মান্থ’ নির্বাচিত করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, যে ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজ চলছিল, অ্যালেন সেখানে একজন অতিথি হিসেবে ছিলেন। তার কাছে বন্দুক ও ছুরিসহ একাধিক অস্ত্র ছিল।
পুলিশ ধারণা করছে, হামলাটি এককভাবে পরিচালিত হয়েছে। তবে এই হামলার পেছনের উদ্দেশ্য এখনো অস্পষ্ট। তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ায় সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অব্যাহত রয়েছেন।
গুলির এই ঘটনার পর অ্যালেন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সোমবার আদালতে অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ওপর দু’টি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তবে ট্রাম্পের ওপর এই নতুন হামলা দেশটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

Neso
১ মাস আগেPresident Trump acting, its not real story because Trump killing million People in iran, he gets to sympathy in future Election.