পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ৪৮ ঘণ্টার বেশি সময় পরে প্রথম দফার ভোটদানের চূড়ান্ত হার জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় যে পরিমাণ ভোট পড়েছে, তা পশ্চিমবঙ্গের নির্বাচনে সর্বকালীন রেকর্ড। সেইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, কোনও রকম গোলমাল বা অশান্তির ঘটনা না ঘটায় এই দফায় কোনও বুথে পুনর্নির্বাচনের প্রয়োজন হয়নি। প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে মোট ৩ কোটি ৩৬ ভোটার ভোটদান করেছেন। ফলে ভোটদানের হার দাঁড়িয়েছে ৯৩.১৯ শতাংশ।
গত বিধানসভা নির্বাচনের তুলনায় এই আসনগুলিতে ১৭ লক্ষ ভোটার কমলেও এবার ভোটদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২১ লক্ষেরও বেশি। এই তথ্য থেকে স্পষ্ট, সাধারণত ভোট দিতে অনাগ্রহী বা ভোট দিতে পারেন না এমন বহু মানুষ এবার প্রথম দফায় ভোট দিয়েছেন। নতুন ভোটারেরা (প্রায় ৭ লক্ষ) প্রচুর ভোট দিয়েছেন।
কমিশনের চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় ভোটদানের হার সবচেয়ে বেশি কোচবিহারে। সেখানে ৯৬.২০ শতাংশ ভোট পড়েছে। দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি ১৪টি জেলাতেই ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ভোটদাতার সংখ্যা সবচেয়ে বেশি বাঁকুড়ায়। সেখানে ২৭ লক্ষেরও বেশি ভোটার ভোট দিয়েছেন।
সাধারণ ভাবে ভোটের বুথে নির্বাচনের সময় বড় ধরনের গোলমাল ও হিংসার ঘটনা হলে পুনর্নির্বাচন ঘোষণার বিধান রয়েছে। তবে এবারের নির্বাচনে কোনও গোলমাল বা অশান্তির খবর না আসায় কোনো বুথে পুনর্নির্বাচন ঘোষণা করা হয়নি বলে জানানো হয়েছে।
