বিএনপি-স্বতন্ত্র জোটের ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

বাতিল মনিরা শারমিনের

বিএনপি-স্বতন্ত্র জোটের ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ফন্ট সাইজ:

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ জনের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একইভাবে স্বতন্ত্র জোটের এক প্রার্থীর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে আইনি জটিলতার কারণে স্থগিত থাকা জামায়াত জোটের প্রার্থী এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করার সময় রিটার্নিং কর্মকর্তা ইসি’র যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এসব তথ্য জানান।
‎এ সময় সহকারী রিটার্নিং অফিসার ইসি’র উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন জানান, কোনো দল বা জোটের সমর্থন না থাকায় আলাদাভাবে জমা দেয়া তিনজনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে।

‎বিএনপি’র বৈধ প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

বাতিল হলো মনিরা শারমিনের মনোনয়ন
আইনি জটিলতার কারণে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি’র নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। মনিরা শারমিন ২০২৩ সালের ১১ই নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করে রাজনীতিতে নাম লেখান এবং ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর অতিবাহিত না হলে নির্বাচনের অযোগ্য হন। আর এ কারণেই তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে বুধবার জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আর মনিরা শারমিনকে চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই হয়। আপিল নিষ্পত্তি শেষে ২৯শে এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রয়েছে। ১২ই মে ভোটের তারিখ ঠিক করা আছে।

‎মনোনয়নপত্র বাছাই শেষে আসন সংখ্যার সমান সংখ্যক বৈধ প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তারা। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন