দীর্ঘ সাত বছর আগের একটি মামলায় শিলিগুড়ি আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালত সুত্রে জানা গেছে। মূলত আদালতের শুনানিতে বারবার অনুপস্থিত থাকার কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০১৭ সালের ১৯ মার্চ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ শপথ নেয়ার পর কবি শ্রীজাত তার ফেসবুক ওয়ালে ‘অভিশাপ’ নামে ১২ লাইনের একটি কবিতা পোস্ট করেন। ওই কবিতার শেষ দুই লাইনে ব্যবহৃত শব্দবন্ধ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। বিশেষ করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, কবি হিন্দুদের পবিত্র প্রতীক ‘ত্রিশূল’ নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন এবং এর ফলে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
কবিতাটি পোস্ট করার পর শিলিগুড়ির বাগ ডোগরার বাসিন্দা অর্ণব সরকার নামে এক কলেজ ছাত্র শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় কবির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এই মামলা প্রসঙ্গে শ্রীজাত জানিয়েছিলেন , তার কবিতায় ব্যবহৃত রূপকগুলো না বুঝে অপব্যাখ্যা করা হচ্ছে। তার মতে, এটি কেবল তার মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত নয়, বরং সাহিত্যের কণ্ঠরোধ করার চেষ্টা।
বর্তমানে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় নতুন করে বাকস্বাধীনতা বনাম ধর্মীয় অনুভূতি রক্ষার বিতর্ক শুরু হয়েছে। কবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আইনি পথেই এই পরিস্থিতির মোকাবিলা করবেন এবং উচ্চতর আদালতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
