বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দুই দশকেরও বেশি সময় ধরে যিনি রুপালি পর্দায় নিজের আলাদা জায়গা তৈরি করে রেখেছেন। সময়ের সঙ্গে পর্দায় উপস্থিতি কিছুটা কমলেও তার প্রতি দর্শকের ভালোবাসা একটুও ফিকে হয়নি। সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘আহারে জীবন’। চলচ্চিত্রের পাশাপাশি তিনি ক্যারিয়ারের বিভিন্ন সময়ে নাটক, টেলিফিল্ম এমনকি ওটিটিতেও কাজ করেছেন। তবে এ নিয়ে শুনতে হয়েছে নানা মন্তব্যও। সম্প্রতি এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, চলচ্চিত্রের পাশাপাশি একসময় আমি নাটক, টেলিফিল্মও করেছি। তখন অনেকেই আমাকে বলত তুমি সিনেমার নায়িকা, নাটকে কেন যাচ্ছো? ফ্রিতে দেখতে পেলে কেউ তোমাকে ফিল্মে কাজে নেবে না। এমন মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, কাজের ক্ষেত্র নিয়ে কখনো সংকীর্ণ ভাবনায় বিশ্বাসী ছিলাম না। আমার কাছে অভিনয়ই প্রধান।
নাটক, টেলিফিল্ম—এসব জায়গাও আমার কাছে কমফোর্ট জোন। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে ভালো গল্প পেলে কাজ করতে ভালো লাগত। মাত্র ১৫ বছর বয়সে এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। দীর্ঘ ক্যারিয়ারে রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খান-সহ দেশের শীর্ষ নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই নায়িকার জনপ্রিয় সিনেমার তালিকাও দীর্ঘ।‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পূর্ণিমা।
