ভারতে নরেন্দ্র মোদি সরকার লোকসভায় নারী আসন সংরক্ষণ বিল পাস করাতে ব্যর্থ হওয়ার পর সরকার পক্ষ বেশ বিপাকে পড়েছে। আর এরই প্রেক্ষিতে শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে বিরোধীদের আক্রমণ করে বিল পাস করাতে না পারাকে ভ্রুণহত্যার সঙ্গে তুলনা করেন। শনিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী আসন সংরক্ষণ বিলকে সমর্থন না করার জন্য বিরোধী দলকে "দোষী" এবং নারীর বিরুদ্ধে ভয় কাজ করার দায়ে অভিযুক্ত করেছেন। তিনি বিরোধী দলের এই অবস্থানকে একটি ভুল বলে আখ্যা দিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যে, ভবিষ্যতে তাদের এর রাজনৈতিক মূল্য দিতে হবে।
এর পরেই জানা গিয়েছিল, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কী বলতে পারেন তা নিয়ে জল্পনা ছিল।
অবশেষে জাতির উদ্দেশে ভাষণে ব্যর্থতার দায় নিয়ে দেশের মা-বোনদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে তার ভাষণের লক্ষ্য ছিল বিরোধীরা। মোদি বলেন , এই বিল পাস করাতে না-দিয়ে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এসপি-র মতো দলগুলি ভ্রূণহত্যা করল। মোদি বলেন, “সৎ চেষ্টার ভ্রূণহত্যা করল কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেসের মতো দলগুলি।”
মোদি বলেন,আমাদের জন্য দেশের কল্যাণ সবথেকে বড়। কিন্তু কিছু লোকের জন্য দলের কল্যাণ সবকিছু হয়ে যায়, দেশের কল্যাণের থেকে দলের কল্যাণ বেশি বড় হয়, তখন দেশকে এবং নারীশক্তিকে সেটার ফল ভুগতে হয়। কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির স্বার্থপর রাজনীতির ফল ভুগতে হল নারীশক্তিকে।’
নারীদের উত্থান হলে পরিবারতান্ত্রিক দলগুলি বিপদে পড়বে। আর সেই কারণেই এই বিলের বিরোধিতা করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
মোদি বলেন, এই বিল পাস না করার পরে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি যেভাবে টেবিল চাপড়াচ্ছিলেন, তা দেখে হতবাক হয়ে গিয়েছি। নারীরা সব ভুলে যান। কিন্তু নিজের অপমান কখনও ভুলে যান না। তাই সংসদে কংগ্রেস ও সহযোগীরা যে ব্যবহার করেছে, সেটা দেশের প্রত্যেক নারীর মনে গেঁথে থাকবে।
লোকসভায় নারী আসন সংরক্ষণ বিল পাস করাতে ব্যর্থ হওয়ার একদিন পর শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনাকে “গণতন্ত্রের এক বিরাট বিজয়” বলে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, এই ফলাফল বিরোধী ঐক্যের শক্তিকে প্রতিফলিত করেছে এবং ক্ষমতায় থাকার জন্য শাসক দলের তথাকথিত “ষড়যন্ত্রে” একটি বড় আঘাত হেনেছে।
নয়াদিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতকাল(শুক্রবার ) যা ঘটেছে তা গণতন্ত্রের এক বিরাট বিজয়।” তিনি আরও যোগ করেন যে, এটি “যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার প্রচেষ্টার বিরুদ্ধেও একটি বিজয়।”
