যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধ করবে ইরান: স্পিকার

যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধ করবে ইরান: স্পিকার

ফন্ট সাইজ:

তেহরান শুক্রবার সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করে, তাহলে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। একই সঙ্গে ইরানের পার্লামেন্টের স্পিকার সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের করা দাবিগুলোকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ট্রাম্প ‘এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন, আর সাতটিই মিথ্যা।’ তিনি নির্দিষ্ট করে বলেননি ট্রাম্পের কোন দাবিগুলোর কথা বলছেন। তবে ওয়াশিংটন সম্পর্কে তিনি বলেন, এই মিথ্যাগুলো দিয়ে তারা যুদ্ধে জিততে পারেনি। আর আলোচনাতেও কোনো লাভ হবে না। তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, হরমুজ প্রণালিটি খোলা থাকবে কি বন্ধ থাকবে এবং এর নিয়ম কী হবে- তা বাস্তব পরিস্থিতিতে নির্ধারিত হবে, সামাজিক মাধ্যমে নয়।

তিনি আরও বলেন, প্রণালির মধ্য দিয়ে চলাচল হবে ‘নির্ধারিত পথে’ এবং ‘ইরানের অনুমতি সাপেক্ষে।’ এর আগে একই দিনে ডনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তখনই তুলে নেয়া হবে, যখন একটি ‘চুক্তি স্বাক্ষরিত হবে’। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে একটি সমঝোতা খুব কাছাকাছি। অ্যারিজোনায় এক সমাবেশে ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দেশটির পারমাণবিক উপাদানের নিয়ন্ত্রণ নেবে।

তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তেহরানের পক্ষ থেকে কোনো ছাড় দেয়ার বিষয়ে ট্রাম্পের কিছু দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

গালিবাফের ওই মন্তব্য এমন সময় এলো, যখন ইরানি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল সোমবার পাকিস্তানে বৈঠকে বসতে পারে। যদিও ওয়াশিংটন এখনো এ তথ্য নিশ্চিত করেনি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে। তবে শুক্রবার খুব অল্প সংখ্যক জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করেছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন