আমিন বাজারে গ্যাস সংযোগের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

আমিন বাজারে গ্যাস সংযোগের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

ফন্ট সাইজ:

সাভারের আমিন বাজার এলাকায় প্রায় ১০ মাস ধরে বন্ধ থাকা বৈধ গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। শুক্রবার দুপুরে আমিন বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈধ গ্রাহকরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। আয়োজিত মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল থেকে এলাকাবাসীরা জানান, আমিন বাজার এলাকায় তিতাসের সংযোগ লাইনে ত্রুটি দেখা দেয়ায় প্রায় ১০ মাস আগে বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে আমিন বাজার ও এর আশপাশের এলাকার প্রায় ৭০ হাজার মানুষ গ্যাসের জন্য চরম দুর্ভোগে পড়েছেন। বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ প্রদানের জন্য আবেদন করার পর তিতাস কর্তৃপক্ষ সংস্কার কাজের জন্য টেন্ডার দিলেও সড়ক ও জনপথ বিভাগের অনুমতি না পাওয়ায় এখনো কাজ শুরু করা যায়নি। এ ছাড়া বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই দুর্ভোগ লাঘবের জন্য স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীরা এ সময় আগামী ৭ দিনের মধ্যে গ্যাস সংযোগ পুনরায় চালু না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকে ১০ মাস ধরে গ্যাস সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গ্যাসের অভাবে প্রায় ৭০ হাজার মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। যদি আগামী ৭ দিনের মধ্যে গ্যাস সংযোগ দেয়ার কোনো ব্যবস্থা নেয়া না হয় তাহলে আমিন বাজারবাসী এমন আন্দোলন গড়ে তুলবে যাতে গ্যাস সংযোগ দিতে বাধ্য হয়।
এদিকে সড়ক অবরাধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে গ্যাস সংযোগ প্রদানের সহযোগীতার আশ্বাস প্রদান করলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। পরবর্তীতে ধীরে ধীরে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন