জুলাই গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো বিচারপতি এস এম মনিরুজ্জামানকে বিচারিক দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত হাইকোর্ট বিভাগের বেঞ্চের তালিকায় দেখা যায়, বিচারপতি এস এম মনিরুজ্জামান একটি ডিভিশন বেঞ্চের দায়িত্বে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন বিচারপতি দিহিদার কবীর মাসুম। আগামী রোববার থেকে এই বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে বিচারপতি এস এম মনিরুজ্জামান প্রথম বিচারিক দায়িত্ব ফিরে পেলেন। বিচারপতি এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত করার মতো কোনো আলামত খুঁজে পায়নি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র এস এম মনিরুজ্জামান আইনপেশায় ভ্যাট, কাস্টমস আইনে বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে খ্যাতি লাভ করেন। এরপর তিনি বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।
