ফুটবল কেবল একটি খেলা নয়। এটি মানুষের স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসা, বেদনা এবং মানবিকতার এক অপূর্ব প্রতিচ্ছবি। কখনো কোনো গোল, কোনো ট্রফি কিংবা কোনো জয় ইতিহাসের পাতায় স্থান করে নেয়। আবার কখনো একজন মানুষ, তার জীবনসংগ্রাম এবং তার অশ্রুসিক্ত চোখ পৃথিবীর কোটি মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেয়। মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা সেই বিরল মানুষদের একজন, যিনি বিশ্বকাপের মঞ্চে শুধু একজন ফুটবলার হিসেবেই নয়, একজন মহান মানবাত্মা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আটলান্টার সেই রাতটি ফুটবল ইতিহাসে অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার এবং টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি স্পেন। তাদের বিপক্ষে দাঁড়িয়েছিল ছোট্ট আফ্রিকান দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে। কাগজে-কলমে হিসাব করলে ম্যাচের ফল আগেই নির্ধারিত বলে মনে হওয়ার কথা ছিল। ফুটবল বিশ্লেষকদের অধিকাংশই স্পেনের সহজ জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু ফুটবল মাঝে মাঝে মানুষকে মনে করিয়ে দেয়—সব হিসাব মানুষের হাতে নয়।
সেই রাতে গোলবারের নিচে দাঁড়িয়ে একাই যেন একটি প্রাচীর তৈরি করেছিলেন ভোজিনহা। একের পর এক আক্রমণ, অবিরাম চাপ, বিশ্বমানের ফরোয়ার্ডদের শট—সবকিছুর সামনে তিনি ছিলেন অটল, অবিচল, অতন্দ্র প্রহরী। শেষ বাঁশি বাজল। স্কোরবোর্ডে লেখা উঠল—স্পেন ০, কেপ ভার্দে ০। ফুটবলের ভাষায় এটি একটি ড্র। কিন্তু বাস্তবে এটি ছিল এক মহাকাব্য। এটি ছিল এক মানুষের অসাধারণ সাহস, আত্মবিশ্বাস এবং অধ্যবসায়ের বিজয়। ম্যাচ শেষে যখন পুরো স্টেডিয়াম উল্লাসে ভাসছে, সতীর্থরা যখন নিজেদের নায়ককে কাঁধে তুলে নিতে ব্যস্ত, তখন ক্যামেরা খুঁজে নিল ভোজিনহাকে। তিনি দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছেন।
এই কান্না কোনো পরাজয়ের নয়।
এই কান্না কোনো হতাশার নয়।
এটি ছিল ভালোবাসার কান্না।
এটি ছিল মায়ের জন্য কান্না।
বিশ্বকাপের মতো পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল আসরে নিজের দেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত সৃষ্টি করেও তিনি সুখী হতে পারেননি পুরোপুরি। কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি, তার জন্মদাত্রী মা, সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না। ভোজিনহা পরে জানিয়েছেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং ভিসাজনিত জটিলতার কারণে তিনি তার মাকে বিশ্বকাপে নিয়ে আসতে পারেননি। কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হতে পারে। কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায়, এটি কেবল একজন ফুটবলারের ব্যক্তিগত কষ্ট নয়।
এটি বিশ্বের কোটি কোটি সাধারণ মানুষের গল্প। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে অসংখ্য ধনকুবের এক রাতের পার্টিতে, একটি ক্যাসিনোতে কিংবা একটি বিলাসবহুল হোটেলে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করে ফেলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ অর্থের পাহাড় গড়ে তুলেছে। অনেকের কাছে অর্থ এতটাই বেশি যে তার হিসাব রাখাও কঠিন। অথচ সেই একই পৃথিবীতে একজন বিশ্বকাপ নায়ক নিজের মাকে মাঠে এনে খেলা দেখানোর সামর্থ্য পান না। এই বৈপরীত্য আমাদের সময়ের সবচেয়ে বড় বাস্তবতা। কিন্তু এখানেই মানবজীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। অর্থ সবকিছু নয়। খ্যাতি সবকিছু নয়। ক্ষমতাও সবকিছু নয়।
মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তার মানবিকতা, সততা, সংগ্রাম এবং আত্মার মহত্ত্ব দিয়ে। ভোজিনহার গল্প সেই সত্যটিকেই আবারও সামনে নিয়ে এসেছে। বিশ্বকাপে স্পেনকে রুখে দেওয়া নিঃসন্দেহে একটি অসাধারণ অর্জন। কিন্তু তার চেয়েও বড় অর্জন হলো কোটি মানুষের হৃদয় জয় করা। কারণ পৃথিবীর প্রতিটি মানুষ তার কথার মধ্যে নিজের জীবনের কোনো না কোনো অংশ খুঁজে পেয়েছে। যে সন্তান দূরে থাকে এবং মাকে মিস করে, সে ভোজিনহার কান্না বুঝতে পারে। যে দরিদ্র পরিবার থেকে উঠে এসে সংগ্রাম করে, সে ভোজিনহার ব্যথা অনুভব করতে পারে। যে মানুষ জীবনের কোনো বড় সাফল্যের মুহূর্তে প্রিয়জনকে পাশে পায়নি, সেও এই কান্নার ভাষা বোঝে। এই কারণেই ভোজিনহা কেবল কেপ ভার্দের নায়ক নন। তিনি বিশ্বমানবতার নায়ক। বিবিসির বিশ্লেষক এবং সাবেক স্কটিশ উইঙ্গার প্যাট নেভিন যথার্থই বলেছেন, পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন ভোজিনহা।
৪০ বছর বয়সে তিনি যা দেখিয়েছেন, তা অবিশ্বাস্য। সাবেক ইংলিশ ডিফেন্ডার লি ডিক্সনও স্বীকার করেছেন, ভোজিনহার কান্না দেখে তার নিজের চোখেও জল এসে গিয়েছিল। এটাই প্রকৃত মহত্ত্বের পরিচয়। মহান মানুষরা শুধু প্রশংসা পান না, তারা অন্য মানুষের হৃদয় স্পর্শ করেন। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই সাফল্যকে অর্থ দিয়ে মাপার চেষ্টা করি। আমরা মনে করি সবচেয়ে ধনী মানুষই সবচেয়ে সফল মানুষ। সবচেয়ে ক্ষমতাবান মানুষই সবচেয়ে সম্মানিত মানুষ। কিন্তু ভোজিনহা আমাদের নতুন করে শিখিয়েছেন, মানুষের প্রকৃত মূল্য ব্যাংক অ্যাকাউন্টে নয়, মানুষের হৃদয়ে লেখা থাকে। হতে পারে সেই মানুষের সংখ্যা খুবই কম। তবুও তা অনন্য। একদিকে বিলিয়ন ডলারের মালিকেরা আছেন, যাদের নাম অনেকেই জানে না। অন্যদিকে ভোজিনহার মতো একজন সাধারণ মানুষ আছেন, যার চোখের জল আজ পৃথিবীর কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। এখানেই সৃষ্টিকর্তার রহস্যময় বিচার।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কখন, কীভাবে সম্মানিত করবেন—তা একমাত্র তিনিই জানেন। অনেকেই অর্থের পাহাড় গড়েন, কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন না। আবার কেউ কেউ অর্থকষ্টে জীবন কাটিয়েও কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়ে ওঠেন। ভোজিনহা সেই দ্বিতীয় শ্রেণির মানুষদের একজন। তিনি প্রমাণ করেছেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়, মানুষের ভালোবাসা। তিনি প্রমাণ করেছেন, একজন মানুষ নিজের সততা, সংগ্রাম এবং আত্মত্যাগের মাধ্যমে পৃথিবীর শ্রদ্ধা অর্জন করতে পারে। তিনি প্রমাণ করেছেন, মায়ের প্রতি ভালোবাসা কখনো দুর্বলতা নয়; বরং সেটিই মানুষের সবচেয়ে বড় শক্তি।
বিশ্বকাপের ইতিহাসে হয়তো আরও বড় বড় গোল হবে, আরও বড় বড় জয় আসবে, আরও নতুন নতুন নায়কের জন্ম হবে। কিন্তু আটলান্টার সেই রাতে গোলবারের নিচে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ যোদ্ধার অশ্রুসিক্ত মুখ অনেক দিন মানুষের স্মৃতিতে বেঁচে থাকবে। কারণ তিনি শুধু স্পেনকে থামাননি। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন—মানুষ হওয়াই পৃথিবীর সবচেয়ে বড় অর্জন। আর সেই কারণেই ভোজিনহা আজ শুধু ফুটবলপ্রেমীদের নয়, বিশ্বের প্রতিটি মায়ের সন্তানের, প্রতিটি সংগ্রামী মানুষের এবং সমগ্র মানবজাতির গর্ব। তিনি একজন গোলরক্ষক নন। তিনি একজন মহান আত্মা। তিনি ভোজিনহা। তাঁর প্রতি জানাই অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা।
লেখক: সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।
ই-মেইল: [email protected]
