সেই ভোজিনহার মায়ের ভিসার জন্য মার্কিন কংগ্রেসের আবেদন

সেই ভোজিনহার মায়ের ভিসার জন্য মার্কিন কংগ্রেসের আবেদন

ফন্ট সাইজ:

স্পেনের শক্তিশালী আক্রমণভাগকে রুখে দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে নবাগত দেশ কেপ ভার্দে। গোলশূন্য ড্রয়ের সেই ম্যাচের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন দলটির ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনহা। তবে তার এই কান্না শুধু ম্যাচ ড্রয়ের আনন্দের ছিল না, এর পেছনে ছিল মাকে গ্যালারিতে না পাওয়ার এক চরম আকুতি। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতি ও উচ্চ ফির কারণে তার মা আনা কান্দিদা এভোরা ৬,৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আটলান্টার স্টেডিয়ামে আসতে পারেননি। ঘটনাটি মার্কিন রাজনীতি ও ফুটবল মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। খোদ মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস ভোজিনহার মায়ের জন্য মার্কিন ভিসা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জেফরিস লিখেছেন, ‘কোনো মায়েরই তার সন্তানের ইতিহাস গড়ার মুহূর্ত দেখার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আমি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তার ক্ষমতার মধ্যে থাকা সবকিছু করার অনুরোধ করেছি, যাতে আগামী রোববার কেপ ভার্দের পরের ম্যাচে তিনি উপস্থিত থাকতে পারেন।’

ট্রাম্প প্রশাসনের সাবেক নিয়মানুযায়ী, ভিসা ওভারস্টে (অতিরিক্ত সময় অবস্থান) কমানোর জন্য কেপ ভার্দেসহ বেশ কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রায় ১৫,০০০ ডলারের বন্ড জমা দেয়ার নিয়ম করা হয়। যদিও টুর্নামেন্ট শুরুর ঠিক আগে বিশ্বকাপ টিকিটধারীদের জন্য এই নিয়ম শিথিল করা হয়। তবে ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কেপ ভার্দের মিন্দেলো শহরে নিজের বাড়ি থেকে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে মা আনা কান্দিদা আক্ষেপ করে বলেন, ‘আমি ম্যাচটি দেখতে যেতে পারলে খুব খুশি হতাম, তবে তা সম্ভব ছিল না।’

ম্যাচ শেষে অশ্রুসিক্ত ভোজিনহা গণমাধ্যমে বলেন, ‘ভিসার সমস্যার কারণে আমার মা এখানে আসতে পারেননি। ভিসার জন্য প্রয়োজনীয় টাকা আমরা সময়মতো জোগাড় করতে পারিনি, অথচ আমি খুব চেয়েছিলাম তিনি এখানে থাকুন।’

এই ঘটনার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, তারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং খেলোয়াড়দের পরিবারের জন্য ভিসা বন্ড মওকুফের ব্যবস্থা রয়েছে। ওয়াশিংটন সরাসরি ভোজিনহার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে বলে নিশ্চিত করেছে তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন