র‌্যাঙ্কিংয়ে ফিরতে চাইনিজ তাইপে যাচ্ছে বাংলাদেশ

র‌্যাঙ্কিংয়ে ফিরতে চাইনিজ তাইপে যাচ্ছে বাংলাদেশ

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক রাগবিতে নিজেদের হারানো অবস্থান ফিরে পাওয়ার পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়েই চাইনিজ তাইপে সফরে যাচ্ছে জাতীয় পুরুষ রাগবি দল। আগামী ২০ থেকে ২২শে নভেম্বর চাইনিজ তাইপেতে অনুষ্ঠিতব্য ‘এশিয়া রাগবি এমিরেটস সেভেনস ট্রফি’তে অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। লীগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক চাইনিজ তাইপে, আফগানিস্তান ও ফিলিপাইন। প্রতিযোগিতাকে সামনে রেখে টানা এক মাসের নিবিড় প্রস্তুতি শেষে ১২ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। খেলোয়াড়দের পাশাপাশি দলের সঙ্গে থাকছেন টিম ম্যানেজার ও কোচিং স্টাফের সদস্যরাও। সফরের লক্ষ্য সম্পর্কে টিম ম্যানেজার সাইদ আহমেদ বলেন, ‘গত বছর আন্তর্জাতিক র‌্যাঙ্কিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আমাদের প্রধান উদ্দেশ্য রেটিং ফিরে পাওয়া।

পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ের র?্যাঙ্কিংয়ের শর্ত পূরণ এবং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার যোগ্যতা অর্জন করতে চায় বাংলাদেশ।’ দেশের রাগবির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ফেডারেশনের সহ-সভাপতি তারেক চৌধুরী জানান, বর্তমানে দেশের ১৪টি জেলা ও ২৪টি ক্লাবের মাধ্যমে নিয়মিত রাগবি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার পাশাপাশি দেশের অভ্যন্তরে খেলাটির বিস্তৃতি বাড়ানোর দিকেও নজর দিচ্ছে ফেডারেশন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ধারাবাহিকতা ধরে রাখতে সামনে নেপাল ও পাকিস্তানে টুর্নামেন্ট খেলার প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশ। এর পাশাপাশি ২০২৭ সালের ডিসেম্বরে দেশের মাটিতে ‘এশিয়া রাগবি সেভেনস ট্রফি’ আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। ঘরের মাঠে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের রাগবিকে আরও এগিয়ে নিতে চায় সংস্থাটি।

তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তুলে আনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে ফেডারেশনের পরিকল্পনায়। সাধারণ সম্পাদক আক্তার উজ জামান জানান, খেলাটির পাইপলাইন সমৃদ্ধ করতে স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলোয়াড় তৈরির বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘমেয়াদে জাতীয় দলের শক্তি বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ফেডারেশনের। বাংলাদেশের রাগবিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে নেয়ার ক্ষেত্রে চাইনিজ তাইপের এই টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে ফেডারেশন। র‌্যাঙ্কিং ও রেটিং পুনরুদ্ধারের পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই সফরে যাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা।