রাজধানীর আদাবরের তুরাগ হাউজিং এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে চাপাতির আঘাতে আহত হন ওসিসহ দুই পুলিশ। এ ঘটনায় কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদসহ ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার র্যাব-২ এর মিডিয়া অফিসার মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তারে সাড়াশি অভিযান চালানো হয়।
এ সময় চক্রটির ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানানো হবে।’ এর আগে গতকাল মঙ্গলবার আদাবরে বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে কুপিয়ে তার কাছে থাকা তিন লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে বিকাশ দোকানদার শফিকুলকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বিকালে আসামিদের ধরতে তুরাগ হাউজিংয়ে অভিযান চালায় আদাবর থানা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কবজিকাটা আনোয়ার গ্রুপের টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় তাদের ওপর চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মোহাম্মদপুর থানার ওসি ও এসআই আহত হন। পুলিশ আত্মরক্ষায় চার রাউন্ড গুলি ছোড়ে। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ চারজনকে আটক করে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হাতুড়ি উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
