ফ্রান্সের এভিয়ান-লে-বেইনসে জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্বের ধনী গণতান্ত্রিক দেশগুলোর নেতারা যখন যুদ্ধ ও বাণিজ্যের মতো জটিল বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনার জন্য জড়ো হয়েছেন, তখন সেখানকার চালু থাকা হট মাইকে (গোপন মাইক্রোফোন) ধরা পড়েছে তাদের ভেতরের চটুল ও মজার আলাপচারিতা। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। খেলাধুলা, ধূমপান বর্জন, আবহাওয়া এবং গ্রিনল্যান্ড নিয়ে বিশ্ব নেতাদের এই খুঁনসুটি প্রকাশ পেয়েছে।
ধূমপান বাদ দিয়েছেন মেলোনি: মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ধূমপানের অভ্যাস নিয়ে এক মজার তথ্য সামনে আসে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেৎস তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি সকালে ধূমপান করেছেন কি না। জবাবে মেলোনি জানান, তিনি মে মাসের ১ তারিখ থেকে ধূমপান ছেড়ে দিয়েছেন। তার তামাক ত্যাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কানাডা, বৃটেন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা তাকে অভিনন্দন জানান। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি নিজের বাহু চেপে ধরে তাকে জিজ্ঞেস করেন, তিনি কোনো নিকোটিন প্যাচ ব্যবহার করছেন কি না।
আড্ডায় ফুটবল ও কেজড লড়াই: যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় বিশ্বকাপ চলায় নেতাদের আড্ডায় স্বাভাবিকভাবেই ফুটবল প্রসঙ্গ চলে আসে। দুপুরের খাবারের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং অন্যরা ফরাসি দলের সমর্থনে ‘আলে লে ব্লু’ বলে চিৎকার করেন। প্যারিস সেন্ট-জার্মেইর চ্যাম্পিয়ন্স লিগ জয় নিয়েও কথা বলেন এক নেতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত রবিবার তার ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি কেজড ফাইটের ( খাঁচার ভেতর লড়াই) আয়োজন নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যদিকে, ফুটবল বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে কেপ ভার্দের গোলশূন্য ড্র করার ঘটনাকে বেশ অবিশ্বাস্য বলে উল্লেখ করেন বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের রহস্যময় মন্তব্য: এরই মধ্যে ডনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার একটি রহস্যময় আলাপ মাইকে শোনা যায়। ট্রাম্প কস্তাকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, বুঝতে পেরেছেন? গ্রিনল্যান্ড। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার ব্যাপারে ট্রাম্পের আগের আগ্রহের কারণে ইউরোপীয় রাজনীতিতে এই মন্তব্য বেশ কৌতুহল তৈরি করেছে।
ম্যাক্রনের ফেলে যাওয়া ঘড়ি ও রসিকতা: দুপুরের খাবারের পর প্রেসিডেন্ট ম্যাক্রন ভুল করে তার ঘড়ি ফেলে যান। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি সেটি দেখে বলেন, তিনি ঘড়ি ফেলে গেছেন, ঘড়িটি আমাদের কাছে। তখন ট্রাম্প রসিকতা করে বলেন, তিনি চলে গিয়ে থাকলে ওটা আমাকে দিয়ে দিন। এতে সবাই হেসে ওঠেন।
উপহারের কূটনীতি: সম্মেলনে নেতাদের মধ্যে উপহার বিনিময়ের ঘটনাও ঘটে। আগামী বছর ফরাসি আল্পসে অনুষ্ঠেয় সাইক্লিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রচারের অংশ হিসেবে ম্যাক্রন সব নেতাকে একটি করে ব্যক্তিগত সাইকেল উপহার দেন। গলফ ছাড়া অন্য কোনো শরীরচর্চায় অভ্যস্ত না থাকা ট্রাম্প এই উপহারে কেমন প্রতিক্রিয়া জানিয়েছেন তা জানা যায়নি। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক দ্বিমত থাকা জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেৎস ট্রাম্পকে তার নাম এবং ৪৭ নম্বর লেখা জার্মানির জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দেন। ট্রাম্প সেটি উঁচিয়ে ধরে হাসিমুখে ছবি তোলেন। পরে মেৎস সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করে লেখেন, যাই হোক না কেন, আমরা একই দলে আছি।
