চট্টগ্রামের মিরসরাইয়ে একটি হরিণ হত্যার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় অপরাধীদের শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে জলাশয়ের কিনারে একটি মায়াবী চিত্রা হরিণের পা চেপে ধরে রয়েছেন এক ব্যক্তি। অন্য একজন দা দিয়ে কুপিয়ে হরিণটির গলা বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন। কিছুটা দূরে আরেক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা যায়, এই ভিডিও ধারণ করা হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায়। এই এলাকার পাশেই অবস্থিত মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সেখানে হরিণ জবাইয়ের ঘটনাটি ঘটে ১১ই এপ্রিল। ছড়িয়ে পড়া ভিডিওটি ছয় সেকেন্ডের। হরিণ জবাইয়ের সময় কাছাকাছি স্থান থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। হরিণ জবাইকারী ব্যক্তি এ সময় অনেকটা ক্ষোভের সুরে প্রশ্ন করেন, ভিডিও কেন ধারণ করা হচ্ছে। পাল্টা জবাবে ভিডিও ধারণকারী বলেন, এতে কী সমস্যা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে এ ঘটনার সমালোচনায় মেতে উঠেন বিভিন্ন মহল। স্থানীয়রা জানান, এটি আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং আইনের ওপর সরাসরি আঘাত। বাংলাদেশে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বন্যপ্রাণী হত্যা, শিকার, আটক, পাচার বা তাদের দেহাংশের অবৈধ বেচাকেনা দণ্ডণীয় অপরাধ। বনবিভাগ জানায়, আগে মিরসরাই উপজেলার উপকূলীয় অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে সবুজ ম্যানগ্রোভ বন ছিল। তবে এলাকাটিতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বন উজাড় হতে শুরু করে। ফলে বন্যপ্রাণী ও পাখপাখালি হারিয়ে যেতে থাকে। জবাই করা চিত্রা হরিণটি দলছুট হয়ে সেখান থেকে এসেছে বলে ধারণা বন কর্মকর্তাদের। জানতে চাইলে উপকূলীয় বনবিভাগের মিরসরাই রেঞ্জের কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, ১১ই এপ্রিল তিনজন দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছেন। তাদের ধরতে অভিযান চলছে।
মিরসরাইয়ে হরিণ হত্যার ভিডিও ভাইরাল, শাস্তি দাবি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
