পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন এ সপ্তাহে তিনি সৌদি এবং তুরষ্ক সফরে যাবেন। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংলাপ আয়োজন করার লক্ষ্যে এই সফর করবেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি মঙ্গলবার এক বিবৃতিতে জানান, শেহবাজ শরীফ তাকে জানিয়েছে আলোচনা চালিয়ে যাবার জন্য তিনি উভয় পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছেন। শেহবাজের এই পদক্ষেপে প্ররোচিত করেছে ডনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘকে।
ট্রাম্প নিউইয়র্ক পোস্টে এক সাক্ষাৎকারে বলেন, আগামী ২ দিনের ভেতর আবার শান্তি আলোচনা শুরু হবে। দ্বিতীয় দফা আলোচনা ইউরোপে হবার কথা বললেও পরবর্তীতে তা ইসলামাবাদেই হবে বলে জানানো হয়। ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানের প্রশংসা করে বলেন, অসিম মুনির চমৎকার কাজ করছেন। উভয়পক্ষের মধ্যে মধ্যস্থতা করছে এমন এক কূটনৈতিকের বরাতে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন এবং তেহরান পুনরায় আলোচনায় রাজি হয়েছে। তবে আলোচনার স্থান, সময় এবং কারা এতে অংশ নেবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
